বন্ধু সতীশ কৌশিক আর নেই। তবু তাঁর মেয়ের পাশে থাকার প্রতিশ্রুতি ভোলেননি অনুপম খের।

ফাইল চিত্র
শেষ আপডেট: 10 March 2026 20:33
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালের ৯ মার্চ আচমকাই না–ফেরার দেশে পাড়ি দেন বলিউডের জনপ্রিয় পরিচালক ও অভিনেতা সতীশ কৌশিক (Satish Kaushik)। তাঁর এই আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বলিউড ইন্ডাস্ট্রি। শোকাহত হয়েছিলেন তাঁর বহু সহকর্মী ও বন্ধু। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন অভিনেতা অনুপম খের (Anupam Kher)। সতীশের মরদেহের পাশে বসে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল তাঁকে, যা সেই সময় বহু মানুষের মন ছুঁয়ে গিয়েছিল।
বন্ধুকে হারানোর পর স্মৃতিচারণ করতে গিয়ে অনুপম খের জানিয়েছিলেন, সতীশ কৌশিক জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি ছিল তাঁর মেয়ে বংশিকাকে প্রতিষ্ঠিত হতে দেখা। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। তখনই অনুপম বলেছিলেন, বংশিকা তাঁর নিজের মেয়ের মতোই। তাই সারাজীবন তাঁকে আগলে রাখবেন তিনি।
বন্ধুর দেওয়া সেই প্রতিশ্রুতি রাখলেন অনুপম। সম্প্রতি বংশিকার স্কুলের একটি অনুষ্ঠানে অভিভাবকের ভূমিকায় উপস্থিত থাকতে দেখা গেল তাঁকে। পিতৃহারা এক কিশোরীর পাশে দাঁড়িয়ে যেন বাবার দায়িত্বই পালন করছেন তিনি।
এই অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অনুপম খের। সেখানে তিনি লিখেছেন, “বংশিকা তার স্কুলের নাটকে অংশ নিয়েছিল। সতীশ বেঁচে থাকলে ও নিজেই সেখানে যেত। কিন্তু সে নেই, তাই আমিই গেলাম। বংশিকা যেন অনেক বড় মানুষ হয়। বাবার অভাব কখনও পূরণ হয় না, তবু ও যেন ভালো থাকে… আমি সবসময় ওর পাশে আছি।”
এই প্রসঙ্গে পুরনো দিনের স্মৃতিতেও ফিরে গিয়েছিলেন অনুপম। তিনি জানিয়েছেন, দিল্লিতে পথনাটক করতে গিয়েই প্রথম আলাপ হয়েছিল তাঁদের। সেই বন্ধুত্ব সময়ের সঙ্গে আরও গভীর হয়েছিল। সতীশ কৌশিক আজ আর পৃথিবীতে না থাকলেও, তাঁদের বন্ধুত্বের স্মৃতি যে চিরকাল অমলিন থাকবে—সেই কথাই আবারও মনে করিয়ে দিলেন অনুপম।
বংশিকার স্কুলের নাটক দেখার পর তাঁর সঙ্গে একটি ছবিও তুলেছেন অনুপম খের। সেই মুহূর্তের ছবিই তিনি সমাজমাধ্যমে শেয়ার করেছেন, যা দেখে আবেগে ভেসে গিয়েছেন অনুরাগীরাও।