বসন্ত পঞ্চমীর রাতে যেন এক মৃদু হাওয়া আর নতুন শুরুর ডাক। জীবনের একেবারে নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন মধুমিতা সরকার। ২৩ জানুয়ারি, শুক্রবার—গোধূলি লগ্নে অগ্নিসাক্ষী রেখে শৈশবের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে ছাদনাতলায় বসবেন তিনি।
.jpg.webp)
শেষ আপডেট: 23 January 2026 11:05
দ্য ওয়াল ব্যুরো: বসন্ত পঞ্চমীর রাতে যেন এক মৃদু হাওয়া আর নতুন শুরুর ডাক। জীবনের একেবারে নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন মধুমিতা সরকার (madhumita sarcar, madhumita sarcar marriage, )। ২৩ জানুয়ারি, শুক্রবার—গোধূলি লগ্নে অগ্নিসাক্ষী রেখে শৈশবের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে ছাদনাতলায় বসবেন তিনি। মাসখানেক ধরে শুটিংয়ের ব্যস্ততার ফাঁকেই বিয়ের কেনাকাটা, আয়োজন, খুঁটিনাটি সব সামলে নিয়েছেন অভিনেত্রী। আর এখন—ঘণ্টা খানেকের প্রতীক্ষা মাত্র।
বিয়ের সকালটা কেমন কাটছে? এই প্রশ্নেই এখন উত্তাল অনুরাগীমহল। চারদিকে কৌতূহল, উত্তেজনা, শুভেচ্ছার ঢেউ। বারুইপুরে অভিনেত্রীর আত্মীয়ের বাড়িতেই বসছে বিয়ের আসর। তবে তার আগের রাতেই নিজের বাড়িতে জমে উঠেছিল একেবারে বাঙালিয়ানা আয়োজনে আইবুড়ো ভাত। সেই আনন্দঘন মুহূর্তের ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, যেখানে ধরা পড়েছে মধুমিতার চেনা দুষ্টু-মিষ্টি হাসি।
আইবুড়ো ভাতের জন্য তিনি বেছে নিয়েছিলেন প্যাস্টেল ছোঁয়া এক নরম সাজ। গোলাপি শাড়িতে স্নিগ্ধ উপস্থিতি, সঙ্গে মানানসই সোনার গয়না আর ছিমছাম মেকআপ—সব মিলিয়ে যেন ঘরোয়া সৌন্দর্যের এক নিখুঁত ফ্রেম। ক্যামেরার সামনে পেল্লাই সাইজের মাছের মুড়ো হাতে পোজ, আর গাঁদাফুলে সাজানো আসরে তাঁর সামনে রাখা কাঁসার থালায় থরে থরে সাজানো বাঙালি ভোজ—এই ছবিই এখন নেটদুনিয়ার নতুন প্রিয়। মেন্যুতে ছিল ভাত, স্যালাড, পাঁচ রকমের ভাজা, বেগুনি, ফিশ ফ্রাই, ডাল, নানা রকম মাছের পদ, আর শেষপাতে অবশ্যই পায়েস—যেন বিয়ের আগে শৈশব আর ঘরের স্বাদটা মনভরে তুলে নেওয়া।
একই দিনে অন্য প্রান্তে সম্পন্ন হয়েছে হবু বর দেবমাল্যের বৃদ্ধির রীতিও। টলিপাড়ার নতুন ‘জামাই’ নিজেই সেই মুহূর্ত ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। সাদা পাঞ্জাবি-পায়জামায়, মাথায় শোলার টোপর—আত্মীয়-পরিজনদের ঘিরে নিষ্ঠাভরে নিয়ম পালন করতে দেখা গিয়েছে তাঁকে। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেবমাল্য ও মধুমিতার বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে, যদিও প্রেমের নামকরণ হয়েছে মাত্র দু’বছর আগে। দীর্ঘ পরিচয়ের ভিতের উপর দাঁড়ানো এই সম্পর্ক এবার পৌঁছচ্ছে চূড়ান্ত ঠিকানায়।
অতীতের বিচ্ছেদের যন্ত্রণা পেরিয়ে মধুমিতার জীবনে শুরু হতে চলেছে দ্বিতীয় দাম্পত্য ইনিংস। সেই নতুন শুরুর সাক্ষী থাকতে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরাও। শুভেচ্ছা, ভালোবাসা আর আশীর্বাদে ভরিয়ে দিচ্ছেন তাঁরা প্রিয় অভিনেত্রীকে। বসন্তের এই রাতে, আগুনের সাত পাক ঘিরে, মধুমিতার গল্প যেন আবার নতুন করে লেখা হচ্ছে—যেখানে পুরনো কষ্ট ফেলে সামনে শুধু একান্ত আপন মানুষের হাত ধরে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি।