ঋদ্ধিমা আর গৌরব (Gaurav chakrabarty and Ridhima Ghosh)—টালিগঞ্জের এই তারকা দম্পতিকে যেন চিরকালই দেখা যায় এক উষ্ণ, শান্ত, পরিপাটি সখ্যে বাঁধা। ২০১৭ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন তাঁরা, পরিবারের আশীর্বাদ আর নিজেদের গভীর টানকে সঙ্গী করে।

গৌরব–ঋদ্ধিমা
শেষ আপডেট: 25 November 2025 14:23
দ্য ওয়াল ব্যুরো: ঋদ্ধিমা আর গৌরব (Gaurav chakrabarty and Ridhima Ghosh)—টালিগঞ্জের এই তারকা দম্পতিকে যেন চিরকালই দেখা যায় এক উষ্ণ, শান্ত, পরিপাটি সখ্যে বাঁধা। ২০১৭ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন তাঁরা, পরিবারের আশীর্বাদ আর নিজেদের গভীর টানকে সঙ্গী করে। সেই মুহূর্তের পর থেকে কত বছর পেরিয়ে গেল—হিসেব করলে দাঁড়ায় পনেরো। এই সময়টুকুতে কাজ, ব্যস্ততা আর তাঁদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি—ছেলে ধীরকে নিয়ে একদিন আরেকদিনে গড়িয়ে গেছে। তবু সম্পর্কের ছবিটা থেকে যায় একই উজ্জ্বলতায়, একই কোমলতায়।
বিয়ের তারিখ ছিল ২০১৭ সালের ২৪ নভেম্বর। আর ঠিক সেই দিনটিকেই স্মরণ করে ঋদ্ধিমা এ বছর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন বহু স্মৃতি—কখনও পাহাড়ের কোলে দাঁড়ানো, কখনও আবার সমুদ্রের তীরে দু’জনে শুয়ে থাকা।
একটি ছবির নিচে ঋদ্ধিমা লিখেছেন, “একে অপরকে বেছে নেওয়ার ১৫ বছর। এত লম্বা পথ সবসময় মসৃণ ছিল না। প্রতিটি দিনে রংধনু ছিল না, প্রজাপতি উড়ে বেড়ায়নি। এই ভালোবাসা টিকিয়ে রাখতে পরিশ্রম করেছি, বাস্তবের কঠিনতার সঙ্গে লড়েছি।” আরও লিখেছেন তিনি, “প্রতিটি বাধা পেরিয়ে আমরা একসঙ্গে থাকাকেই বেছে নিয়েছি। দিনের শেষে একে অপরের হাতই ধরি। এইভাবেই তোমার সঙ্গে বেড়ে উঠতে চাই, আমাদের জন্য লড়াই করতে চাই। তোমার হাসিতে আমার পৃথিবী গড়ে উঠুক, তোমার পাশে দাঁড়িয়ে নিজেকে নতুন করে তৈরি করতে চাই।” তার এই স্বীকারোক্তিতে যেন লুকিয়ে আছে দাম্পত্যের সবচেয়ে নির্মল সত্য—ভালোবাসা মানে প্রতিদিন নতুন করে একে অপরকে খুঁজে পাওয়া।
গৌরবের প্রতি তাঁর অটল আস্থার কথাও লিখেছেন তিনি—“সময় বদলেছে, বছর পেরিয়েছে, কিন্তু প্রতিশ্রুতি আজও ঠিক একই। আমি তোমার ওপর ভরসা ছাড়ছি না, জানি তুমিও আমাকে ছেড়ে দেবে না। আগামী বছরগুলোও যেন ঠিক এইভাবেই সুন্দর কাটে, এইভাবেই আমরা দু’জনে একসঙ্গে পথ চলতে পারি।”
গৌরব–ঋদ্ধিমার পরিচয়ের গল্পটাও সিনেমার মতো। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘রঙমিলান্তি’ ছবিতে কাজ করতে গিয়েই প্রথম আলাপ। আর ঠিক সিনেমার মতোই সেই পরিচয় থেকে জন্ম নেয় বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম। বাস্তবেও গৌরবই হয়ে ওঠেন ঋদ্ধিমার জীবনের ‘হিরো’। তারপরই ২০১৭ সালে ‘প্রিয় বন্ধু’ বদলে যায় ‘চিরসখা’-র রূপে। সংসার শুরু হয় হাত ধরে। আজ তাঁরা ধীরের বাবা-মা—তাঁদের ছোট্ট পৃথিবীর আলো।
ধীরকে নিয়ে তাঁদের এখন এক নতুন জীবন। চলতি বছরের শুরুতে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন তিনজনে। তবে ভ্রমণের নেশা তাঁদের পুরনো—কখনও পাহাড়, কখনও জঙ্গল, কখনও সমুদ্র, কখনও আবার মরুভূমি; সুযোগ পেলেই বেরিয়ে পড়েন তাঁরা।
পনেরো বছর পর আজও তাদের প্রেম ঠিক প্রথম আলোর মতোই দীপ্ত। ভালোবাসা যে বারবার ফিরে আসে একই জায়গায়, একই মানুষটার কাছে—গৌরব আর ঋদ্ধিমা তারই প্রমাণ।