রাগের মাথায় সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সম্পর্ক ভেঙেছিলেন আলিয়া ভাট? ভাইরাল সাক্ষাৎকারে বরুণের ইঙ্গিত ঘিরে ফের শুরু জল্পনা।

আলিয়া ভাট
শেষ আপডেট: 18 July 2025 12:26
দ্য ওয়াল ব্যুরো: ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর মাধ্যমে বলিউডে একসঙ্গে পা রাখেন আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা। তাঁদের সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন চলছিল, যদিও কখনও স্পষ্টভাবে তাঁরা কিছু বলেননি। তবে বিভিন্ন সাক্ষাৎকার ও অনুষ্ঠানে মাঝেমাঝেই উঠে এসেছে এমন কিছু ইঙ্গিত, যা তাঁদের প্রেম ও বিচ্ছেদ নিয়ে জল্পনাকে আরও উসকে দিয়েছে।
সম্প্রতি ‘কলঙ্ক’ ছবির প্রচারে এক পুরনো সাক্ষাৎকার আবার ভাইরাল হয়েছে, যেখানে সহ-অভিনেতা বরুণ ধাওয়ান মজা করে আলিয়া ভাটকে প্রশ্ন করেন, “আপনি কখনও রাগের মাথায় এমন কোনও সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আপনার বাড়ির লোক বা আপনার বিড়ালকে প্রভাবিত করেছে?" এই প্রশ্ন শুনে বিব্রত মুখে হেসে ফেলেন আলিয়া।
জবাবে আলিয়া বলেন, “আমার তো মনে হয় না আমি এমন কোনও সিদ্ধান্ত নিয়েছি যাতে কারও জীবন নষ্ট হয়েছে। তবে হ্যাঁ, কখনও রাগে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, যেটা পরে অনুশোচনার কারণ হয়। সবার সঙ্গেই এমন হয়।”
এই ‘বিড়াল’ প্রসঙ্গ থেকেই ফের আলোচনায় এসেছে সিদ্ধার্থ মালহোত্রার দেওয়া উপহার—আলিয়ার প্রিয় পোষ্য বিড়াল 'এডওয়ার্ড'। পুরনো এক ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে সিদ্ধার্থ বলেছিলেন, আলিয়ার কাছ থেকে যদি কিছু চুরি করতে চান, তবে সেটি হবে “The cat… Edward”। তিনি আরও বলেছিলেন, “প্রেমিকাদের কখনও পোষ্য উপহার দেওয়া উচিত নয়।” পরে এক পর্বে আলিয়া নিজেই স্বীকার করেন, “Because he has given me the first love of my life, Edward.”
তাঁদের সম্পর্ক শেষ হয়ে গেলেও বর্তমানে আলিয়া ও সিদ্ধার্থ দুজনেই সুখী বিবাহিত জীবনে। আলিয়া বিয়ে করেছেন রণবীর কাপুরকে এবং তাঁদের কন্যার নাম রাহা কাপুর। অন্যদিকে, সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানির কোলেও এসেছে কন্যাসন্তান। তাঁদের মেয়ের নাম এখনও প্রকাশ্যে আনেননি এই দম্পতি। সিদ্ধার্থ-কিয়ারার এই খুশির খবরে ইনস্টাগ্রামে ‘লাইক’ করে শুভেচ্ছা জানান আলিয়া। তাঁর মা সোনি রাজদানও মন্তব্য করে শুভেচ্ছা জানান।