‘ধুরন্ধর’-এর শুরুতেই থাকা নৃশংস দৃশ্য ঘিরে তুমুল আলোচনা। রণবীর সিংয়ের সঙ্গে সেই দৃশ্য শ্যুট করার সময় কী মানসিক চাপের মধ্যে ছিলেন নাসিম মুঘল, জানালেন অভিনেতাই।

ধুরন্ধর
শেষ আপডেট: 30 December 2025 21:42
দ্য ওয়াল ব্যুরো: ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই আদিত্য ধরের স্পাই-অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’ দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার তৈরি কয়েছে। বিশেষ করে ছবির শুরুর একটি দৃশ্যে লুল্লি (নাসিম মুঘল) ও হামজা আলি মাঝহারির (রণবীর সিং) মধ্যে অত্যন্ত পাশবিক ও নৃশংস সংঘর্ষের দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই দৃশ্যটির নেপথ্যের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন অভিনেতা নাসিম মুঘল। তিনি জানিয়েছেন, চিত্রনাট্য পড়ার পর দৃশ্যটি এতটাই ভয়ানক ও অস্বস্তিকর মনে হয়েছিল যে তিনি প্রথমে কাজ করতে রাজি হননি এবং সরাসরি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
নাসিম জানিয়েছেন, অভিনয়ের পাশাপাশি তিনি বাস্তব জীবনে রণবীর সিংয়ের বিশাল ভক্ত। বিশেষ করে ‘পদ্মাবত’ ছবিতে রণবীরের এনার্জি দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। ফলে অবচেতন মনে তাঁর ভয় কাজ করছিল যে, এত বড় মাপের একজন সুপারস্টারের সামনে দাঁড়িয়ে এমন একটি জটিল ও নৃশংস দৃশ্যে তিনি ঠিকঠাক অভিনয় করতে পারবেন কি না। তবে শ্যুটিং ফ্লোরে রণবীর সিংয়ের আন্তরিকতা ও বিনয়ী ব্যবহার সেই ভয় দূর করতে সাহায্য করে। নাসিমের কথায়, রণবীর তাঁকে প্রথম দেখাতেই আলিঙ্গন করে পরিস্থিতি সহজ করে দিয়েছিলেন। ডাবা শ্যুটিংয়ের সময় রণবীরের সহযোগিতায় তিনি এতটাই স্বচ্ছন্দ হয়ে ওঠেন যে তাঁর মনেই হয়নি তিনি একজন বড় তারকার সঙ্গে কাজ করছেন।
দীর্ঘ ১৩ বছরের অভিনয় জীবনে এমন একটি শক্তিশালী মুহূর্তের অপেক্ষায় ছিলেন বলে জানিয়েছেন নাসিম। শ্যুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি আরও জানান, প্রথম টেকে চরিত্রটির পাশবিকতা এতটাই বেশি হয়ে গিয়েছিল যে পরিচালকের নির্দেশে দ্বিতীয় টেকে তা কিছুটা কমিয়ে আনা হয়।
উল্লেখ্য, ১৯৯৯ সালের কান্দাহার বিমান অপহরণ এবং ২০০১ সালের সংসদ হামলার প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে রণবীর সিং ছাড়াও অক্ষয় খান্না, আর মাধবন, সঞ্জয় দত্ত ও অর্জুন রামপাল অভিনয় করেছেন। করাচির আন্ডারওয়ার্ল্ডে ভারতীয় গোয়েন্দা সংস্থার দুঃসাহসিক অভিযানের গল্প নিয়ে এগিয়েছে এই ছবির কাহিনী।