‘দেশু ৭’-এ অনির্বাণ ভট্টাচার্যের এন্ট্রি নিশ্চিত করলেন দেব। ফিরছে দেব-শুভশ্রী জুটি, ছবিতে থাকছে একাধিক চমক।

'দেশু ৭'-এ এন্ট্রি অনির্বানের
শেষ আপডেট: 10 April 2026 22:36
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরেই টলিপাড়ায় চর্চার কেন্দ্রে ছিল 'দেশ' প্রজেক্ট। শুটিং শুরু নিয়ে খবর মিললেও পরিচালক, কাস্ট-সবকিছু ঘিরেই ছিল ধোঁয়াশা। অবশেষে সেই অপেক্ষার অবসান। অভিনেতা দেব (Dev) নিজেই জানালেন, এই ছবির হাত ধরেই তিনি প্রথমবার পরিচালকের ভূমিকায় আত্মপ্রকাশ করতে চলেছেন। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই ছবি ঘিরে উত্তেজনার পারদ আরও বেড়েছে। কারণ, শুধু পরিচালনাই নয়-চিত্রনাট্যও লিখছেন দেব নিজেই। ফলে 'দেশু ৭' তাঁর কেরিয়ারের এক বিশেষ মাইলস্টোন হতে চলেছে বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একাংশ। শনিবার সকলকে চমকে দিয়ে এই সুখবর দিলেন দেব। তবে ঝুলিতে ছিল আরও এক চমক।
ছবির মূল আকর্ষণ, বহু প্রতীক্ষিত 'দেশু' জুটির প্রত্যাবর্তন। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে দেব (Dev) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly কে। এই জুটির রসায়ন নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে, তাই পুজোর মরশুমে তাঁদের ফের একসঙ্গে দেখ্য যাওয়ার খবরে উচ্ছ্বাস ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে।
তবে শনিবার আরও এক জল্পনায় সিলমোহর দিলেন দেব। শোনা গিয়েছিল, ব্যান কালচারকে বুড়ো আঙুল দেখিয়ে আরও একবার অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)-কে কাস্ট করতে চলেছেন তিনি। ৭২ ঘণ্টার সময়সীমার মধ্যে যদিও পাল্টেছে সেই সমীকরণ। আর পরিস্থিতি বদলানোর পর এবার নিশ্চিত করা হল, 'দেশু ৭'-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অনির্বাণকে।
টলিপাড়ার সাম্প্রতিক ঘটনাপ্রবাহও এই ছবিকে নতুন মাত্রা দিয়েছে। বিশেষ করে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee)-এর অকাল মৃত্যু শিল্পীমহলে গভীর প্রভাব ফেলেছিল। সেই ঘটনার পর নিরাপত্তা, কাজের পরিবেশ এবং শিল্পীদের অধিকার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এই আবহেই শিল্পীদের পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন দেব।
অন্যদিকে, দেব শুভশ্রীর সম্পর্ক নিয়েও একসময় নানা জল্পনা তৈরি হয়েছিল। একটি মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া দূরত্ব তাঁদের একসঙ্গে কাজ করার সম্ভাবনাকেও প্রশ্নের মুখে ফেলেছিল। যদিও পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায় এবং সেই দূরত্ব অনেকটাই কমেছে বলে ইঙ্গিত মেলে। এই পরিস্থিতিতে 'দেশু ৭' যেন শুধু একটি ছবি নয়, বরং একাধিক সমীকরণের মেলবন্ধন। পুরনো জনপ্রিয় জুটির প্রত্যাবর্তন, নতুন পরিচালকের সূচনা এবং শক্তিশালী কাস্ট-সব মিলিয়ে ছবিটি যে প্রজোর অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে, তা বলাই যায়।