স্কুলে তিনবার ফেল করেছিলেন অক্ষয় কুমার! বন্ধুর মুখে ফাঁস তাঁর ছোটবেলার মজার কাহিনি, যা শুনে অবাক ভক্তরা।

অক্ষয় কুমার
শেষ আপডেট: 10 April 2026 18:42
দ্য ওয়াল ব্যুরো: অক্ষয় কুমার এবং পরিচালক প্রিয়দর্শনের কালজয়ী জুটি ফিরছে তাঁদের নতুন ছবি 'ভূত বাংলা' নিয়ে। সম্প্রতি এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে যা দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। তবে ছবির খবরের মাঝেই অক্ষয় কুমারের (Akshay Kumar childhood) ছোটবেলার এক গোপন এবং মজার তথ্য ফাঁস করে দিয়েছেন তাঁর বন্ধু।
সম্প্রতি কুইজ রিয়েলিটি শো 'Wheel of Fortune'-এর একটি বিশেষ পর্বে নিজের ছোটবেলার বন্ধুদের সঙ্গে হাজির হয়েছিলেন অক্ষয়। সেখানেই দর্শকদের সঙ্গে তাঁর কিন্ডারগার্টেন পর্যায়ের বন্ধু জিগ্নেশের পরিচয় করিয়ে দেন অভিনেতা। পুরনো স্মৃতি হাতড়াতে গিয়ে অক্ষয় অকপটে স্বীকার করেন যে, তিনি এবং জিগ্নেশ কেজি থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা চলাকালীন তিন-তিনবার ফেল করেছিলেন। এই তথ্য শুনে উপস্থিত দর্শকরা রীতিমতো অবাক হয়ে যান।
কথায় কথায় অক্ষয় যখন জিগ্নেশকে জিজ্ঞেস করেন তাঁর ফেল করার কারণ কী ছিল, তখন বন্ধুটি রসিকতা করে বলেন, "আমি তোমার সাথেই সময় কাটাতাম, তাই ফেল করতাম!" এখানেই শেষ নয়, অক্ষয় যখন দাবি করেন যে জিগ্নেশ মেয়েদের দেখার জন্য সাইকেল চালিয়ে ঘুরে বেড়াতেন, তখন বন্ধুটি পাল্টি দিয়ে বলেন, "তোমার কী মনে হয়, আমি একা দেখতাম নাকি ও (অক্ষয়) দেখত?" বন্ধুর এই পাল্টা জবাবে হাসির রোল ওঠে স্টুডিওতে।
অক্ষয় ভক্তদের জন্য ছবির মুক্তি নিয়ে একটি বড় আপডেট রয়েছে। প্রথমে ১০ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও নির্মাতারা তা পিছিয়ে দিয়েছেন। বক্স অফিসে বর্তমানে ‘ধুরন্ধর ২’-এর যে বিশাল প্রভাব চলছে, তার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।