কলকাতায় চিনের কনসাল জেনারেল শু ওয়ে শুক্রবার জানান, এই শহরে শেষবার তাদের দেশের চলচ্চিত্র উৎসব হয়েছিল ২০১৬ সালে। দশ বছর পর দ্বিতীয়বার তিনদিনে অনেকগুলি চিনা সিনেমা দেখার সুযোগ পেতে চলেছেন পশ্চিমবঙ্গবাসী।

শেষ আপডেট: 10 April 2026 21:16
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল-এই তিনদিন কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে চিনা চলচ্চিত্র উৎসব। নন্দন-১-এ প্রবেশ মূল্য ছাড়াই বেশ কয়েকটি জনপ্রিয় চিনা সিনেমা দেখা যাবে।
কলকাতায় চিনের কনসাল জেনারেল শু ওয়ে শুক্রবার জানান, এই শহরে শেষবার তাদের দেশের চলচ্চিত্র উৎসব হয়েছিল ২০১৬ সালে। দশ বছর পর দ্বিতীয়বার তিনদিনে অনেকগুলি চিনা সিনেমা দেখার সুযোগ পেতে চলেছেন পশ্চিমবঙ্গবাসী।

শু বলেন, ২০২৪ এর জুনে দায়িত্ব গ্রহণের পর থেকে অনেক ভারতীয় বন্ধু আমাকে বলেছেন যে তাঁরা আরও চিনা সিনেমা দেখতে চান। আমার বিশ্বাস আপনাদের অনেকেরই একই ইচ্ছা রয়েছে। আমার জানা মতে, কলকাতায় শেষবার চায়না ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। আমি লক্ষ্য করেছি, ঝাং ইমো, চেন কাইগে, ওং কার-ওয়াই এবং জিয়া ঝাংকের মতো পরিচালকদের কাজ ভারতে জনপ্রিয়। অনেক তরুণ ভারতীয় দর্শক চিনা চলচ্চিত্র ও টিভি তারকাদেরও পছন্দ করেন। তাই আমি দীর্ঘদিন ধরে কলকাতায় আবার একটি চিনা চলচ্চিত্র উৎসব আয়োজনের কথা ভাবছিলাম। এ বছর, সকল পক্ষের যৌথ প্রচেষ্টায় সেটি বাস্তবায়িত হচ্ছে। চায়না ফিল্ম আর্কাইভ এবং নন্দনে পশ্চিমবঙ্গ ফিল্ম সেন্টারের সঙ্গে যৌথভাবে ১৭ থেকে ১৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত কলকাতা চায়না ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করব।
উদ্বোধনী সিনেমা প্রদর্শিত হবে ১৭ এপ্রিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। মোট সাতটি ছবি দেখানো হবে, যার মধ্যে রয়েছে চিন-ভারত যৌথ প্রযোজনা জুয়ানজাঙ্গ (Xuanzang), দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি সত্য ঘটনা নিয়ে নির্মিত তথ্যচিত্র দ্য সিঙ্কিং অফ দ্য লিসবন মারু (The Sinking of the Lisbon Maru), নারীবাদী চলচ্চিত্র লাইক এ রোলিং স্টোন (Like a Rolling Stone), প্রবীণদের প্রেম নিয়ে লাভ নেভার এন্ডস (Love Never Ends)”, ভিএফএক্স-নির্ভর পৌরাণিক চলচ্চিত্র ক্রিয়েশন অফ দ্যা গডস আই: কিংডম অফ স্টোর্মস (Creation of the Gods eye: Kingdom of Storms) এবং অনুপ্রেরণামূলক চলচ্চিত্র নেভার সে নেভার (Never Say Never) ও ওয়ান অ্যান্ড অনলি (One and Only)।

চিনের কনসাল জেনারেল বলেন, সব বয়সের দর্শকই ছবিগুলি দেখতে পারেন। চিন ও ভারতের সাংস্কৃতিক বিনিময়কে আরও শক্তিশালী হবে।
কনসাল জেনারেল জানান, বহু বছর পর আন্তর্জাতিক চিনা ভাষা দিবস উদযাপন হবে কলকাতায়। ২০ এপ্রিল মডার্ন হাই স্কুল ফর গার্লসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এখানে শিক্ষার্থীরা চিনা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবে। তিনি জানান, পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীদের মধ্যে চিনা ভাষা শেখার আগ্রহ দিন দিন বাড়ছে।