বিতর্কের কেন্দ্র একটি রোম্যান্টিক দৃশ্য—গির্জার ভিতরে প্রেমে মগ্ন জাহ্নবী ও সিদ্ধার্থ। খ্রিস্টান সংগঠন ‘দ্য ওয়াচডগ ফাউন্ডেশন’-এর দাবি, পবিত্র স্থানে ঘনিষ্ঠ দৃশ্য দেখানো সম্পূর্ণ অনুচিত
.png.webp)
শেষ আপডেট: 14 August 2025 18:21
দ্য ওয়াল ব্যুরো: মুক্তির আগে থেকেই বিপাকে জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মলহোত্র অভিনীত পরম সুন্দরী। ছবির গান ইতিমধ্যেই জনপ্রিয় হলেও, এক গানের দৃশ্য ঘিরে আপত্তি তুলেছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের একাংশ। অভিযোগ, ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে।
বিতর্কের কেন্দ্র একটি রোম্যান্টিক দৃশ্য—গির্জার ভিতরে প্রেমে মগ্ন জাহ্নবী ও সিদ্ধার্থ। খ্রিস্টান সংগঠন ‘দ্য ওয়াচডগ ফাউন্ডেশন’-এর দাবি, পবিত্র স্থানে ঘনিষ্ঠ দৃশ্য দেখানো সম্পূর্ণ অনুচিত। এ বিষয়ে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-কে চিঠি পাঠিয়েছে তারা। পাশাপাশি মুম্বই পুলিশ, তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং মহারাষ্ট্র সরকারের কাছেও অভিযোগ জানানো হয়েছে। ছবির পরিচালককেও পাঠানো হয়েছে একই অনুরোধ—দৃশ্যটি ছবি থেকে বাদ দিতে হবে।
সংগঠনের বক্তব্য, সাম্প্রতিক সময়ে ইচ্ছাকৃতভাবে সিনেমায় বিতর্ক তৈরি করতে এমন দৃশ্য রাখা হচ্ছে, যা শুধু দর্শক টানার কৌশল। এই প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন। তাদের কথায়, বাক্স্বাধীনতা গুরুত্বপূর্ণ হলেও ধর্মীয় ভাবাবেগে আঘাত করা চলবে না—এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখতে হবে।
চিঠিতে তারা স্পষ্ট লিখেছে, “গির্জা একটি পবিত্র স্থান, যেখানে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়। গির্জার মধ্যে এমন অনভিপ্রেত দৃশ্য শুধু আধ্যাত্মিক ভাবাবেগেই নয়, গোটা ক্যাথলিক গোষ্ঠীকেই আঘাত করেছে।”
সব মিলিয়ে, মুক্তির মাত্র ক’দিন আগে এই বিতর্ক ছবির নির্মাতাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। পরম সুন্দরী আগামী ২৯ অগস্ট মুক্তি পাওয়ার কথা প্রেক্ষাগৃহে। এখন দেখার, আপত্তিকর দৃশ্য রাখা হবে নাকি কেটে বাদ দেওয়া হবে।