ধারাবাহিকটির পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস। এর আগে 'মিঠাই' ধারাবাহিকেরও পরিচালক ছিলেন টলিপাড়ার 'রাজেনদা'।

শেষ আপডেট: 30 November 2025 18:22
দ্য ওয়াল ব্যুরো: এ যেন মন খারাপের মাস! দিন দুয়েক আগে শেষ শুটিং হয়ে গিয়েছে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের। শেষ দিনে কেঁদে ফেলেছিলেন কলাকুশলীরা। এবার আরও এক ধারাবাহিকের শেষ শুটিং হয়ে গেল। শেষ হল 'ফুলকি'। ৯০০ পর্বে শেষ হল পথচলা। প্রায় আড়াই বছর ধরে চলেছিল ধারাবাহিকটি। কাটা হল কেক। চোখের জলে মিশল আবেগ। হাজির ছিল গোটা টিম। অবশেষে শেষ হল পথচলা।
ধারাবাহিকটির পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস। এর আগে 'মিঠাই' ধারাবাহিকেরও পরিচালক ছিলেন টলিপাড়ার 'রাজেনদা'।
পরপর দু'টি মেগাই হিট তাঁর। তবু শেষের সে দিন কষ্ট তো হয়, মন ভারি হয়, চোখ হয় ঝাপসা। ওদিকে ধারাবাহিকের নায়িকা দিব্যানী মণ্ডলের কেরিয়ার কিন্তু এগিয়ে চলেছে। সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবির অফার ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন তিনি। চলছে তার প্রস্তুতি পর্ব।
অন্যদিকে টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে বছরের শেষে নাকি শেষ হয়ে যেতে পারে আর এক মেগা 'জগদ্ধাত্রী'। ওই ধারাবাহিকের নায়িকা অঙ্কিতা মল্লিকও বড় পর্দায় ব্রেক পেয়েছেন। রানা সরকারের প্রযোজনায় 'গুনগুন করে মহুয়া' ছবিতে তিনিই মহুয়া। শোনা যাচ্ছে মেগা শেষ হওয়ার পরেই বড় পর্দার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি।