ছবি শেষ হতেই, রুক্মিণীকে উদ্দেশ্য করে দেব সকলের সামনে আচমকাই বলে ওঠেন, "আমি ছিলাম, আছি, থাকব"। ঠিক এই কথাই তো বলেছিলেন রুক্মিণী, ধূমকেতু মুক্তির সময়। মনে আছে?

শেষ আপডেট: 29 November 2025 20:12
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কলকাতার নামী শপিং মল। সেখানেই শুক্রবার ছিল রুক্মিণী মৈত্র ও চিরঞ্জিৎ চক্রবর্তী অভিনীত, অর্ণব মিদ্যা পরিচালিত ছবি 'হাঁটি হাঁটি পা পা' প্রিমিয়ার শো। তারকাখচিত সেই সন্ধেতে হাজির ছিলেন দেবও। সেখানেই দেবের মুখ থেকে শোনা গেল এমন কিছু কথা যা আপাতদৃষ্টিতে মনে হতেই পারে 'দেজাভু'। মনে হতেই পারে, কোথায় যেন শুনেছি আগে!
ছবি শেষ হতেই, রুক্মিণীকে উদ্দেশ্য করে দেব সকলের সামনে আচমকাই বলে ওঠেন, "আমি ছিলাম, আছি, থাকব"। ঠিক এই কথাই তো বলেছিলেন রুক্মিণী, ধূমকেতু মুক্তির সময়। মনে আছে?
মাসটা অগস্ট, এই বছরেরই ঘটনা। দেব-শুভশ্রী জুটি নিয়ে যখন চারিদিকে মাতামাতি, সামাজিক মাধ্যমে অকারণে আক্রমণ করা হচ্ছে রুক্মিণী মৈত্রকে, সেই সময় দেব সকলের সামনেই রুক্মিণীর কাছে ক্ষমা চেয়েছিলেন। টোল পড়া গালে মিষ্টি হেসে রুক্মিণী বলেছিলেন, "আমি ছিলাম, আছি, থাকব"। পাঁচটা শব্দ, কিন্তু আবেগ ছিল গভীরে গাঁথা। যাই হয়ে যাক না কেন, শক্ত খুঁটির মতো মন যে বাঁধা একই সুতোয় সে কথা বুঝিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।
এ দিন রুক্মিণীর ছবির প্রিমিয়ারে সেই কথারই পুনরাবৃত্তি ঘটিয়ে আবারও যেন সেই বলা কথার নস্টালজিয়াই উস্কে দিলেন দেব। অস্ফুটে দিলেন কোনও বার্তা? 'বিনোদিনী'র পর রুক্মিণীর এই ছবি সিনেমা হলে এসেছে। বাবা-মেয়ের মিষ্টি সম্পর্কের ছবিটি ঘিরে দর্শকমহলে আগ্রহ তৈরি হয়েছে।
তবে অনেকেই মিল খুঁজে পেয়েছেন 'পিকু' বা 'প্রজাপতি'র সঙ্গে। সে নিয়ে দ্য ওয়ালকে রুক্মিণী বলেন, "পৃথিবীতে সাতটা তো সাবজেক্ট রয়েছে। সেগুলোই ভেঙে চুরে ছবি। বাংলায় বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে ছবি হয়নি। তাই অনেকে পিকুর সঙ্গে মেলাচ্ছেন। তাতে সমস্যার কিছু নেই। আমাদের ছবিটা ভাল লাগলেই হল"। দিনের শেষে জনতাই জনার্দন। দেব-বিহীন রুক্মিণীর এই ছবি দর্শকমহলে কতটা জায়গা করে নেয় এখন সেটাই দেখার।