গায়ক জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সিঙ্গাপুরের পূর্ণ সহযোগিতা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, MLAT সক্রিয় করা হলে মামলার তদন্তে সিঙ্গাপুরের কাছ থেকে সবরকম সাহায্য মিলবে।

হিমন্ত বিশ্বশর্মা
শেষ আপডেট: 29 September 2025 15:57
দ্য ওয়াল ব্যুরো: সিঙ্গাপুরে জুবিন গার্গের মৃত্যুর ঘটনার সঠিক তদন্তে চাই সিঙ্গাপুরের সাহায্য। এই মর্মে সরকারিভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপ চাইল অসম সরকার। সোমবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানালেন, সিঙ্গাপুরের সঙ্গে পারস্পরিক আইনি সহযোগিতা চুক্তি (Mutual Legal Assistance Treaty বা MLAT)-র বিষয়ে সরাসরি অসম সরকার কিছু করতে পারে না। তাই কেন্দ্রীয় সরকারের সাহায্য এক্ষেত্রে লাগবে।
এক্স-এ অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন, 'আমাদের প্রিয় জুবিনের অকাল মৃত্যুর ঘটনায় সিঙ্গাপুরের সঙ্গে MLAT সক্রিয় করার জন্য অসম সরকার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রককে। এটি কার্যকর হলে সিঙ্গাপুর কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে। ফলে মামলা সংক্রান্ত আরও তথ্য হাতে আসবে এবং অভিযুক্তকে দেশে ফিরিয়ে এনে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে।'
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারান 'ইয়া আলি' খ্যাত জুবিন। মঙ্গলবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গুয়াহাটির উপকণ্ঠে কামারকুচিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে দ্বিতীয় দফা ময়নাতদন্ত হয়, কোনওরকম অসঙ্গতি আছে কি না তা খতিয়ে দেখা হয়।
প্রথমে শোনা গিয়েছিল, স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে গায়কের। তবে তাঁর স্ত্রী গরিমা সইকিয়া গার্গ জানান, লাজারাস দ্বীপে সাঁতার কাটতে গিয়ে হঠাৎ খিঁচুনি ওঠে। স্কুবা ডাইভিং-এর সঙ্গে তাঁর মৃত্যুর কোনও সম্পর্ক নেই।
তাঁর অনুগামীদের জল্পনা, অভিযোগ এবং স্বচ্ছ তদন্তের দাবি থেকেই শুরু হয়েছে পুরো তদন্ত প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই জানিয়েছেন, যদি কোনও অসঙ্গতি ধরা পড়ে, তবে কঠোর পদক্ষেপ করা হবে এবং কাউকেই ছাড়া হবে না। তিনি রাজ্য থেকে মহন্তাকে নির্বাসিত করেছেন এবং বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের পাশাপাশি প্রয়োজনে সিবিআইকে তদন্তভার দেওয়ার আশ্বাসও দিয়েছেন।