ডিজাইনার গৌরব গুপ্তর তৈরি মোগরা থিমের আইভরি শাড়িতে মুম্বইয়ের অনুষ্ঠানে নজর কাড়লেন আলিয়া ভাট।

আলিয়া ভাট
শেষ আপডেট: 6 April 2026 11:58
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ‘ফ্যাশন আইকন’ আলিয়া ভাট (Alia Bhatt) আরও একবার প্রমাণ করলেন যে, যেকোনও পোশাকেই তিনি অনন্যা। কান-এর রেড কার্পেট হোক বা কোনও অ্যাঙ্কারিং সেশন, আলিয়ার উপস্থিতি সব সময়ই নজরকাড়া (Mogra saree)। গত ৫ এপ্রিল মুম্বইয়ের একটি অনুষ্ঠানে আলিয়া হাজির হয়েছিলেন ডিজাইনার গৌরব গুপ্তর (Gaurav Gupta) তৈরি এক অপূর্ব সাদা শাড়িতে (Alia Bhatt saree), যা মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

এই অনুষ্ঠানের জন্য আলিয়া বেছে নিয়েছিলেন ‘মোগরা’ থিমের একটি বিশেষ আইভরি হোয়াইট রঙের শাড়ি। পরিচালক এবং স্টাইলিস্ট প্রিয়াঙ্কা কাপাডিয়া বাদানি আলিয়ার এই লুকটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। শাড়িটি দেখতে সাদা মনে হলেও এর বিশেষত্ব ছিল এর পাড়ে। কয়েকশো সাদা মুক্তো দিয়ে এমনভাবে কারুকাজ করা হয়েছিল, যা দেখে মনে হচ্ছিল সুতোয় গাঁথা সাদা মোগরা বা বেল ফুল দিয়ে পাড় তৈরি করা হয়েছে। আলিয়া শাড়িটির আঁচল কুঁচি করে অন্যরকম স্টাইলে কাঁধে নিয়েছিলেন এবং পেছনে শাড়ির বাড়তি অংশটি এতটা বড় রেখেছিলেন, যে মেঝে ছুঁয়ে যাচ্ছিল।
শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজটিও ছিল নজরকাড়া। হাতকাটা এবং সামনের দিকে ‘ভি-নেক’ (V-neck) কাটিংয়ের এই ব্লাউজে মুক্তোর সূক্ষ্ম এমব্রয়ডারি করা ছিল। গয়না হিসেবে আলিয়া পরেছিলেন একটি সুন্দর চোকার নেকলেস এবং কানে ছোট স্টাড ইয়ারিং। হালকা মেকআপ, গোলাপি ঠোঁট আর খোলা চুলে আলিয়াকে দেখে নেটপাড়া চোখ ফেরাতে পারছে না।

অনুষ্ঠানের মাঝেই আলিয়া তাঁর সাজ সম্পূর্ণ বদলে ফেলেন। মোগরা শাড়ি ছেড়ে তিনি পরে নেন একটি স্মার্ট ব্ল্যাক টাক্সেডো। সাদা শার্টের ওপর কালো ওয়েস্টকোট, ব্লেজার এবং লুজ প্যান্টে আলিয়ার এই ‘পাওয়ার ড্রেসিং’ ছিল দেখার মতো। এর সঙ্গে তিনি একটি কালো টাই এবং স্টাড দেওয়া টাই-পিন ব্যবহার করেছিলেন। চুলের স্টাইল একই রাখলেও, পোশাক বদল করে নিজেকে অন্য লুকে ধরা দেন।