মুম্বইয়ের এক অনুষ্ঠানে বুকের কাছে ‘কাপুর’ লেখা শার্ট পরে নজর কাড়লেন আলিয়া ভাট।

আলিয়া ভাট
শেষ আপডেট: 10 January 2026 19:27
দ্য ওয়াল ব্যুরো: বিগত আড়াই দশক ধরে হিন্দি ছবির দুনিয়ায় খান ও বচ্চন পরিবারের দাপট চোখে পড়লেও, বলিউডের ‘রাজতন্ত্র’ বলতে আজও একবাক্যে কাপুর সাম্রাজ্যকেই বোঝানো হয়। সেই মতোই কাপুর বাড়ির বউমা কাজের সঙ্গে সংসারের ভারসাম্য রেখেছেন আলিয়া ভাট (Alia Bhatt)।
তবে এবার কাপুর পরিবারের গর্বিত বউমা হিসেবে তিনি যা করলেন, তা ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে বিস্তর আলোচনা। পাপারাজ্জিদের ক্যামেরার সামনে বুকের কাছে শ্বশুরবাড়ির পদবি নিয়ে হাজির হতেই প্রশংসায় ভাসলেন অভিনেত্রী। বলা যায়, পোশাকের মাধ্যমেই নিজের রুচি ও ‘ক্লাস’ আরও একবার স্পষ্ট করে দিলেন তিনি।
সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে গিয়েছিলেন আলিয়া। সেখানেই নজর কাড়ে তাঁর পরনের শার্ট। সাদা সুতোয় নকশা করে লেখা ‘কাপুর’। ছিমছাম মেকআপ ও অভিজাত ফ্যাশন সেন্সে আলিয়া যে বাজিমাত করেছেন, তা নিয়ে দ্বিমত নেই। তবে পোশাকের কাট বা ডিজাইনের থেকেও বেশি আলোচনায় উঠে আসে তাঁর বুকের কাছে লেখা ‘কাপুর’ পদবি। সেই দৃশ্য দেখেই অনুরাগীদের একাংশ আলিয়াকে কাপুর পরিবারের ‘ক্যুইন’ বলে আখ্যা দেন।
আবার অনেকের মতে, সাজপোশাকের মধ্য দিয়েও যে নিজের পরিবারের প্রতি ভালবাসা ও গর্ব প্রকাশ করা যায়, সেটাই দেখিয়ে দিলেন কাপুরবাড়ির বউমা। আসলে আলিয়া বরাবরই কাপুর পরিবারের নয়নমণি। বলিউডের রাজপরিবারের বউমা হিসেবে নিজের গর্বের কথা তিনি একাধিকবারই প্রকাশ করেছেন।
সিনেমা, প্রযোজনা সংস্থা, শুটিং অগণিত ব্যস্ততার মাঝেও তিনি যে একজন দায়িত্বশীল গৃহিণী, তা তাঁর জীবনযাপনেই স্পষ্ট। যেমন নিজের মা ও বোনের সঙ্গে সময় কাটান, তেমনই শাশুড়ি নীতু কাপুরের সঙ্গেও তাঁর সম্পর্ক অত্যন্ত উষ্ণ। দুই পরিবারেই সমান দায়িত্ব পালন করেন আলিয়া।