উদয়পুরে রাজকীয় বিয়ের আগে সঙ্গীত-মেহেন্দিতে আবেগ আর আনন্দে ভাসলেন কৃতী স্যানন।

ফাইল চিত্র
শেষ আপডেট: 10 January 2026 19:14
দ্য ওয়াল ব্যুরো: রবিবার স্যানন পরিবারে বসতে চলেছে বিয়ের আসর। অভিনেত্রী কৃতী স্যাননের (Kriti Sanon) বোন, পরিবারের কনিষ্ঠ সদস্য নূপুর স্যাননের শুভ বিবাহ ১১ জানুয়ারি, রবিবার, উদয়পুরের রাজকীয় প্রাসাদে। তবে বিয়ের আগেই সঙ্গীত, মেহেন্দি ও গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ-গানে মাতোয়ারা গোটা পরিবার। সেই সব মুহূর্তের ঝলক ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল, আর তার কেন্দ্রবিন্দুতে বারবারই উঠে এসেছেন কৃতী স্যানন।
বোনের বিয়ের সঙ্গীত-মেহেন্দি অনুষ্ঠানেও কার্যত লাইমলাইট নিজের দখলেই রেখেছেন কৃতী। গার্ল গ্যাং ও আদরের বোনের সঙ্গে ডান্সফ্লোরে দেদার নাচতে দেখা গিয়েছে তাঁকে। বলিউডের জনপ্রিয় গানে একের পর এক পারফরম্যান্সের মধ্যে সবচেয়ে বেশি আবেগ ছুঁয়ে গিয়েছে নূপুরের জন্য ‘দিল তু, জান তু’ গানে কৃতীর নাচ। একসঙ্গে বড় হওয়া দুই বোনের শৈশবের অজস্র স্মৃতি যেন সেই নাচেই ফুটে উঠেছে। রবিবারের পর বোন শ্বশুরবাড়ি পাড়ি দেবে, মন খারাপের রেশ যে কৃতীর মধ্যে ছিল, তা স্পষ্ট।
নূপুরের সঙ্গীত-মেহেন্দির পাশাপাশি গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিওও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেই অনুষ্ঠানে হলুদ রঙের পোশাকে সেজে হবু দম্পতিকে নাচে-গানে মেতে উঠতে দেখা গিয়েছে। গায়ে হলুদের দিনে কৃতী পরেছিলেন গোলাপি রঙের ঘাগরা ও নুডল স্ট্র্যাপ টপ। মানানসই গয়না ও নজরকাড়া হেয়ারস্টাইলে তাঁকে দারুণ মানিয়েছে। অন্যদিকে, নূপুর নিজেও বিশেষ দিনে রঙিন ঘাগরায় সেজে নজর কেড়েছেন।
বৃহস্পতিবারই সপরিবারে উদয়পুর পৌঁছেছেন কৃতী ও নূপুর। তাঁদের সঙ্গে ছিলেন কৃতীর চর্চিত প্রেমিক কবীর বাহিয়াও। জানা গিয়েছে, ১১ জানুয়ারি উদয়পুরের ফেয়ারমন্ট হোটেলেই বসবে বিয়ের আসর, যেখানে উপস্থিত থাকবেন শুধু ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবরা। বিয়ের পর ১৩ জানুয়ারি মুম্বইয়ে রিসেপশন পার্টির আয়োজন করার পরিকল্পনাও রয়েছে।
উল্লেখ্য, দিদি কৃতীর মতোই বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করেছিলেন নূপুর স্যানন। ২০১৯ সালে অক্ষয় কুমারের বিপরীতে জনপ্রিয় মিউজিক ভিডিও ‘ফিলহাল’-এ প্রথম নজরে আসেন তিনি। পরে ২০২৩ সালে কুণাল খেমুর সঙ্গে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ হলেও অভিনয়ে তেমন সাফল্য মেলেনি।