‘চণ্ডালিকা’ বিতর্কের পর এবার ঋতুস্রাব সংক্রান্ত মন্তব্যে সমালোচনার মুখে মমতা শঙ্কর। পাশে দাঁড়ালেন সুদীপা চট্টোপাধ্যায়ও।

সুদীপা চট্টোপাধ্যায় ও মমতা শঙ্কর
শেষ আপডেট: 21 July 2025 21:41
দ্য ওয়াল ব্যুরো: ছোটপর্দার এক নাচের অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চণ্ডালিকা’র আধুনিক উপস্থাপন নিয়ে বিতর্কের কেন্দ্রে ছিলেন অভিনেত্রী ও বিশিষ্ট নৃত্যশিল্পী মমতা শঙ্কর। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন আলোচনায় নাম জড়াল তাঁর। এক সাক্ষাৎকারে ঋতুস্রাব ও সচেতনতামূলক প্রচার নিয়ে মন্তব্য করে ফের বিতর্কের মুখে পড়লেন তিনি।
সাক্ষাৎকারে মমতা শঙ্কর বলেন, তিনি কখনও ছেলেদের সঙ্গে ঋতুস্রাব নিয়ে আলোচনা করতে পারেন না, এমনকি স্যানিটারি ন্যাপকিন এনে দেওয়ার অনুরোধও করেননি। তাঁর প্রশ্ন—‘‘স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপনে লাল রং দেখিয়ে বোঝানোর কি আদৌ দরকার আছে ঋতুস্রাবের স্বরূপ?’’
এই মন্তব্য ঘিরেই শুরু হয় প্রবল সমালোচনা। একাধিক তারকা তাঁর মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তবে এই পরিস্থিতিতে অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় যদিও মমতার বক্তব্য সমর্থন করেননি, তবু তাঁর উপর চলতে থাকা আক্রমণের বিরোধিতা করেছেন প্রকাশ্যে।
সুদীপার বক্তব্য, ‘‘রাজনীতিবিদরা প্রতিদিন কত কিছু বলেন, তা নিয়ে তো এমন করে কেউ প্রতিক্রিয়া জানায় না। তারকাদের যেন সবসময় ‘ঠিক’ কথা বলতেই হবে—এই ধারণা কেন?’’ তিনি মনে করেন, একটানা সমালোচনায় মমতা শঙ্করের মতো একজন বর্ষীয়ান শিল্পী মানসিকভাবে কষ্ট পেতে পারেন। তাই এভাবে ব্যক্তিগত আক্রমণ ঠিক নয় বলেই মত সুদীপার।
সুদীপার দাবি, “আমার মা-ও ওই ন্যাপকিনের বিজ্ঞাপন পছন্দ করতেন না। আমাদের তাঁর দৃষ্টিভঙ্গি পাল্টানোর চেষ্টা করা উচিত, কিন্তু আক্রমণ নয়। আমি মমতার বক্তব্যের পাশে দাঁড়াচ্ছি না, কিন্তু এই আক্রমণাত্মক ভঙ্গিও সমর্থনযোগ্য নয়। আমরা ভারতীয়, আমাদের সংস্কৃতির একটি ভিত্তি রয়েছে। শুধুমাত্র গ্লোবাল হতে গিয়ে সেটা বিসর্জন দেওয়া উচিত নয়।”
মমতা শঙ্করও নিজের অবস্থানে অনড়। তাঁর স্পষ্ট কথা, ‘‘আমি আমার মত জানিয়েছি। আজও ছেলেদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে পারি না। কখনও বলতে পারিনি যে আমাকে স্যানিটারি ন্যাপকিন এনে দাও।’’ তাঁর পাল্টা প্রশ্ন—‘‘পুরুষেরও তো কিছু শারীরবৃত্তীয় বিষয় রয়েছে। তাঁরা কি সে সব নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেন?’’