সুপারহিট থ্রিলার ‘দৃশ্যম’-এর তৃতীয় পর্ব নিয়ে তৈরি হয়েছে জটিলতা। মালয়ালম পরিচালক জিতু জোসেফ স্পষ্ট জানিয়ে দিলেন—মূল ছবি তৈরি না হলে শুরু করা যাবে না হিন্দি রিমেক।

‘দৃশ্যম ৩’
শেষ আপডেট: 21 July 2025 21:05
দ্য ওয়াল ব্যুরো: সুপারহিট থ্রিলার ‘দৃশ্যম’-এর তৃতীয় পর্ব নিয়ে তৈরি হয়েছে জটিলতা। মালয়ালম পরিচালক জিতু জোসেফ স্পষ্ট জানিয়ে দিলেন—মূল ছবি তৈরি না হলে শুরু করা যাবে না হিন্দি রিমেক। প্রয়োজনে আইনি পথে হাঁটার হুঁশিয়ারিও দিলেন তিনি।
দু’টি পর্বে গোটা দেশের দর্শককে চমকে দিয়েছিল ‘দৃশ্যম’। এবার সেই বহুল প্রতীক্ষিত তৃতীয় কিস্তি ঘিরেই জড়িয়ে পড়ল বিতর্কে। মূল ছবির পরিচালক জিতু জোসেফ জানালেন, আগে মালয়ালম ভার্সন শ্যুট হবে, তারপরই তৈরি করা যাবে হিন্দি রিমেক।
সম্প্রতি মালয়ালমের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘মাতৃভূমি’-কে দেওয়া সাক্ষাৎকারে জিতু বলেন, “হিন্দি ভার্সনের কাজ আগে শুরু করার যে ইঙ্গিত আমরা পেয়েছি, তা নিয়ে উদ্বিগ্ন। স্পষ্ট জানিয়ে দিয়েছি, মালয়ালাম ভার্সন শুরু হওয়ার আগেই হিন্দি ভার্সনের কাজ হলে আমরা আইনি পদক্ষেপ নেব।”
তিনি আরও জানান, “মাত্র কয়েকদিন আগেই ছবির ক্লাইম্যাক্স লেখা শেষ হয়েছে। বহুদিন ধরেই স্ক্রিপ্ট লেখার কাজ চলছিল। অক্টোবর মাসে মালয়ালম ভার্সনের শ্যুটিং শুরু হবে। তারপরই শুরু হবে হিন্দি ভার্সনের কাজ।” এর ফলে কার্যত স্পষ্ট হয়ে গেল, চলতি বছরে মুক্তি পাচ্ছে না অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩’। যদিও গত কয়েক মাস ধরে বলিউডে জোর জল্পনা চলছিল—২০২৫-এই পর্দায় ফিরছে বিজয় সালগাঁওকর। সেই জল্পনায় কার্যত জল ঢেলে দিলেন মূল স্রষ্টা নিজেই।
২০১৩ সালে মোহনলালকে নিয়ে মালয়ালম ভাষায় ‘দৃশ্যম’ শুরু করেছিলেন জিতু জোসেফ। এরপর সেটিই রিমেক হয়েছে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, এমনকি শ্রীলঙ্কান ও চিনা ভাষাতেও। তবে তৃতীয় অধ্যায় নিয়েই এমন স্পষ্ট অবস্থান এবারই প্রথম।