ফয়জল খানের আটকে রাখা ও স্কিজোফ্রেনিয়া দাবিকে ভিত্তিহীন বলল আমির খানের পরিবার। জানাল, সব সিদ্ধান্তই চিকিৎসকদের পরামর্শে নেওয়া হয়েছে এবং বিষয়টিকে গুজব না ছড়ানোর আবেদনও করেছে তারা।

ফয়জল খান ও আমির খান
শেষ আপডেট: 11 August 2025 11:39
দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগে অভিনেতা ফয়জল খান তাঁর পরিবার, বিশেষ করে ভাই ও বলিউড সুপারস্টার আমির খানের বিরুদ্ধে তোলেন বিস্ফোরক অভিযোগ। দাবি করেন, এক বছর ধরে তাঁকে বাড়িতে আটকে রাখা হয়েছিল এবং পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল, তিনি স্কিজোফ্রেনিয়ায় ভুগছেন। এবার সেই অভিযোগের জবাবে পরিবার প্রকাশ্যে আনল আনুষ্ঠানিক বিবৃতি, যেখানে স্পষ্ট জানানো হয়েছে—ফয়জলের সমস্ত দাবি ভিত্তিহীন।
পরিবারের বক্তব্য, ফয়সালের অভিযোগে তারা গভীরভাবে আঘাত পেয়েছে। এর আগেও তিনি ঘটনাগুলো বিকৃতভাবে উপস্থাপন করেছেন। ফয়সালের বিষয়ে নেওয়া প্রতিটি সিদ্ধান্তই চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শে এবং তাঁর মানসিক ও শারীরিক সুস্থতার কথা ভেবেই নেওয়া হয়েছে। সেই সঙ্গে গণমাধ্যম ও সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে, বিষয়টিকে যেন “গুজব” হিসেবে না ছড়ানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে—“ফয়জলের মা জিনাত তাহির হুসেন, বোন নিখাত হেগড়ে ও ভাই আমির খানকে যেভাবে নিষ্ঠুর ও বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে আমরা মর্মাহত। পরিবার হিসেবে আমাদের ঐক্য অটুট এবং ঘটনাগুলোর সঠিক প্রেক্ষাপট স্পষ্ট করাই আমাদের লক্ষ্য।”
বিবৃতিতে স্বাক্ষর করেছেন পরিবারের আরও কয়েকজন সদস্য—রীনা দত্ত, জুনায়েদ খান, ইরা খান, ফারহাত দত্ত, রাজীব দত্ত, কিরণ রাও, সন্তোষ হেগড়ে, সেহের হেগড়ে, মনসুর খান, নুজহাত খান, ইমরান খান, টিনা ফনসেকা, জাইন মেরি খান এবং পাবলো খান।
তাদের দাবি, কোনও অনৈতিক আচরণ করা হয়নি। প্রতিটি পদক্ষেপ ছিল ভালোবাসা, সহানুভূতি ও দায়িত্ববোধের ভিত্তিতে। বিবৃতির শেষে পরিবারের আবেদন—“মিডিয়াকে অনুরোধ করছি, ব্যক্তিগত বিষয়কে উস্কানিমূলক বা ক্ষতিকর গসিপে রূপান্তর না করতে।”