একটা সময় অমিতাভ বচ্চনের সঙ্গে পরভিন ববির প্রেম নিয়ে উত্তাল ছিল বলিউড। কিন্তু সেই পরভিন ববিই বাদ পড়লেন ‘সিলসিলা’ থেকে, যে ছবিটি আদতে এক বহির্বিবাহ সম্পর্কের গল্প বলত। প্রশ্ন ওঠে— কেন?

‘সিলসিলা’
শেষ আপডেট: 10 August 2025 19:10
দ্য ওয়াল ব্যুরো: একটা সময় অমিতাভ বচ্চনের সঙ্গে পরভিন ববির প্রেম নিয়ে উত্তাল ছিল বলিউড। কিন্তু সেই পরভিন ববিই বাদ পড়লেন ‘সিলসিলা’ থেকে, যে ছবিটি আদতে এক বহির্বিবাহ সম্পর্কের গল্প বলত। প্রশ্ন ওঠে— কেন? আর তখনই সামনে আসে মানসিক অসুস্থতার প্রসঙ্গ।
১৯৮১ সালে ‘সিলসিলা’ তৈরির সময়, শুরুতে পরিচালক যশ চোপড়া এই ছবির জন্য পরভিন ববি ও স্মিতা পাটিলকে কাস্ট করেছিলেন। কিন্তু পরে তাঁদের বদলে নেওয়া হয় রেখা ও জয়া বচ্চনকে। বলিপাড়ায় গুঞ্জন, এই পরিবর্তনের পিছনে নাকি ছিলেন অমিতাভ বচ্চন নিজেই।
এই দাবিকেই মজবুত করেন সাংবাদিক ও লেখক হানিফ জাভেরি। সম্প্রতি মেরি সহেলি পডকাস্টে তিনি বলেন, পরভিনের মানসিক অবস্থার অবনতি দেখে যশ চোপড়াকে কাস্টিং বদলের পরামর্শ দিয়েছিলেন অমিতাভ।
হানিফ বলেন, “সিলসিলা তৈরির সময় পরভিন যশ চোপড়াকে বলেছিলেন, তিনি নিজের কস্টিউম নিজের কাছেই রাখতে চান। এতটাই পজেসিভ হয়ে পড়েছিলেন। কাশ্মীরে ‘কালিয়া’ ছবির শ্যুটিংয়ে গিয়ে সেখানেও সঙ্গে করে নিজের কস্টিউম নিয়ে যান।”
অন্য এক ঘটনা স্মরণ করেন চিত্রগ্রাহক পরভিন ভাট, যিনি পরভিন ববির ভাল বন্ধু ছিলেন। একদিন পরভিন তাঁকে নিজের ঘরে ডেকে বলেন, ‘‘এই যে জামাকাপড়, এগুলো আমার ‘সিলসিলা’র কস্টিউম।’’ ভাট অবাক হয়ে জানতে চান, “এগুলো এখানে কেন?” পরভিন বলেন, ‘‘বম্বেতে চুরি হয়ে যায়।’’
একই ছবির আরেক ঘটনার কথা তুলে আনেন হানিফ— একদিন পরভিন ববিকে মাটিতে হামাগুড়ি দিতে দেখে অবাক হন পরভিন ভাট। পরভিন ভেবেছিলেন, হাঁটলে পড়ে যাবেন। সেখান থেকেই নিশ্চিত হন, তিনি মানসিকভাবে ভীষণই বিপর্যস্ত।
‘কালিয়া’ ছবির শ্যুটিংয়ের সময় অমিতাভ নিজেও লক্ষ্য করেন, পারভিনের গাল ফুলে উঠেছে, সম্ভবত অ্যালকোহলের প্রভাবে। আর তখনই যশ চোপড়াকে কাশ্মীরে ডেকে পাঠান তিনি।
তারপর কী ঘটে?
হানিফ বলেন, “অমিতাভ ভাবলেন, যদি ‘সিলসিলা’র মাঝপথে পরভিন আরও অসুস্থ হয়ে পড়েন, তাহলে পুরো ছবিই থেমে যাবে। তাই তিনি পরভিনকে জানান, চিত্রনাট্য বদলানো হয়েছে, তাঁর চরিত্র ছোট হয়ে গেছে। এই অজুহাতে তাঁকে বাদ দিয়ে দেন। তবে এতে পরভিন মানসিকভাবে ভেঙে পড়েন।”
এরপর থেকেই পরভিন মনে করতে থাকেন, তাঁকে সরিয়ে দেওয়ার পিছনে অমিতাভের হাত আছে। বিভিন্ন জল্পনা ছড়াতে থাকে। কিন্তু হানিফের দাবি, “ধরুন অমিতাভ নিজেই পরিবর্তন এনেছেন, তাহলেও তা পারভিনের প্রতি বিদ্বেষ থেকে নয়, ছবির স্বার্থেই করেছিলেন।”
অন্যদিকে পরভিন ববির বন্ধু অভিনেতা রঞ্জিতও এক সাক্ষাৎকারে বলেন, “একবার পরভিন কাঁদছিলেন। বললেন, কাশ্মীরে আমরা ছিলাম তখন, ‘সিলসিলা’ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। বিতর্ক তৈরি করার জন্য রাখা হয়েছে রেখা ও জয়া বচ্চনকে। আসলে ছবির মূল নায়িকা ছিলেন পরভিন।”