ক্লার্কের বিশ্বাস, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারত যদি শোচনীয়ভাবে হেরে যায়, তাহলে বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন।

মিচেল ক্লার্ক ও বিরাট কোহলি
শেষ আপডেট: 7 June 2025 15:58
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক (Michael Clarke) এবার বিরাট কোহলির লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানো (Virat Kohli retirement) নিয়ে নিজের মনোভাব জানালেন। তাঁর বিশ্বাস, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারত যদি শোচনীয়ভাবে হেরে যায়, তাহলে বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন।
সদ্য টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। গত এক দশকের বেশি সময় ধরে ভারতীয় টেস্ট ক্রিকেটের অন্যতম মুখ কিং কোহলি। ভারতের হয়ে ১২৩টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ৪৬.৮৫ গড়ে করেছেন ৯২৩০ রান, যার মধ্যে রয়েছে ৩০টি সেঞ্চুরি। এবার জাতীয় দলের এই প্রাক্তন অধিনায়ককে ছাড়াই ইংল্যান্ডে টিম ইন্ডিয়া গিয়েছে পাঁচটি টেস্ট খেলতে।
তবে বিরাটই নয়, টেস্ট ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন। এই তিন তারকার অনুপস্থিতিতে ভারত ইংল্যান্ডে গিয়েছে প্রধানত তরুণ ক্রিকেটারদের নিয়ে। অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। দলে রবীন্দ্র জাদেজা, জশপ্রীত বুমরাহ, লোকেশ রাহুল, ঋষভ পন্থের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা থাকলেও বিশেষজ্ঞরা মনে করছেন এই সফর নতুন প্রজন্মের ভারতীয় দলের কাছে অ্যাসিড টেস্ট হতে চলেছে।
বিরাটের অবসর প্রসঙ্গে Beyond23 Cricket পডকাস্টে ক্লার্ক বলেন, “আমার মনে হয়, যদি ভারত ইংল্যান্ডের বিপক্ষে হেরে যায় অথবা টিম ইন্ডিয়া এই সিরিজ ০-৫ ব্যবধানে হেরে যায়, তাহলে সমর্থকরা চাইবে কোহলি তাঁর অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করে আবার টেস্ট ক্রিকেট খেলুক। যদি অধিনায়ক, নির্বাচক এবং সমর্থকরা চান, তাহলে তিনি ফিরে আসতেই পারেন। বিরাট এখনও টেস্ট ক্রিকেট ভালবাসেন। টেস্ট ক্রিকেটের প্রতি তাঁর আবেগ তাঁর কথায় প্রতিফলিত হয়।”
ক্লার্ক রোহিত শর্মার প্রসঙ্গও উল্লেখ করেছেন। অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, “আমার মনে হয় যেকোনও দলই রোহিতের অধিনায়কত্ব মিস করবে। তিনি একজন দুর্দান্ত অধিনায়ক ছিলেন। কোহলিও টেস্ট থেকে অবসর নিয়েছেন। এটা খুবই দুঃখজনক ছিল। সে একজন চ্যাম্পিয়ন এবং টেস্ট ক্রিকেট তাঁকে মিস করবে।”
পাশাপাশি বেঙ্গালুরুতে পদদলিত হওয়ায় নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন ক্লার্ক। তিনি বলেন, “কাউকে আহত হতে দেখা বা প্রাণ হারাতে দেখা দুঃখজনক। আশা করি এমনটা আর কখনও ঘটবে না। এটি ছিল একটি দুর্দান্ত মরশুমের দুঃখজনক সমাপ্তি।”