শেষ রাউন্ডে অবশ্য ড্র করেছেন নরওয়ের কিংবদন্তি কার্লসেনও। তাঁকে রুখে দেন অপর ভারতীয় গ্র্যান্ড মাস্টার অর্জুন এরিগাইসি। কিন্তু গুকেশ হেরে যাওয়ায় ম্যাগনাস কার্লসেন সপ্তমবারের মতো নরওয়ে দাবা জিততে কোনও অসুবিধা হয়নি।

দোম্মারাজু গুকেশ
শেষ আপডেট: 7 June 2025 13:56
দ্য ওয়াল ব্যুরো: ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) হারিয়ে দাবা-বিশ্বকে চমকে দিয়েছিলেন দোম্মারাজু গুকেশ (D Gukesh)। কিন্তু নরওয়ে দাবায় শেষরক্ষা করতে পারলেন না। নবম রাউন্ডের শেষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনের থেকে মাত্র ০.৫ পয়েন্টে পিছিয়ে ছিলেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে আমেরিকার ফ্যাবিয়ানো কারুয়ানার (Fabiano Caruana) কাছে হেরে শেষ পর্যন্ত তৃতীয় স্থানে থেকেই প্রতিযোগিতা শেষ করলেন এই ভারতীয় গ্র্যান্ড মাস্টার।
শেষ রাউন্ডে অবশ্য ড্র করেছেন নরওয়ের কিংবদন্তি কার্লসেনও। তাঁকে রুখে দেন অপর ভারতীয় গ্র্যান্ড মাস্টার অর্জুন এরিগাইসি (Arjun Erigaisi)। কিন্তু গুকেশ হেরে যাওয়ায় ম্যাগনাস কার্লসেন সপ্তমবারের মতো নরওয়ে দাবা জিততে কোনও অসুবিধা হয়নি। গুকেশকে হারিয়ে দ্বিতীয় হয়েছেন কারুয়ানা। আর পঞ্চম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছেন এরিগাইসি।
আর্মাগেডনে শেষ রাউন্ডের ম্যাচে অবশ্য সহজে গুকেশকে হারাতে পারেননি ফ্যাবিয়ানো কারুয়ানা। যথেষ্ট লড়াই করেও শেষ মুহূর্তের ভুলে ম্যাচ হাতছাড়া করেন ভারতীয় দাবাড়ু। হেরে গিয়ে যথেষ্ট বিধ্বস্ত লাগছিল গুকেশকে। দুই সেকেন্ড তাকিয়ে থাকেন ঘড়ির দিকে। এরপর কারুয়ানার সঙ্গে করমর্দন করে হতাশায় হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন।
এদিকে অর্জুনের সঙ্গে ড্র করার পর কার্লসেন বলেছেন, "অবশ্যই আমি স্বস্তি বোধ করছি। আমি বলতে বাধ্য হচ্ছি, আজকের দিনটি আমি বেশ উপভোগ করেছি। স্পষ্টতই আমি বুঝতে পেরেছিলাম, খেলাটি আমি হেরেও যেতে পারতাম। তবে শেষ পর্যন্ত জিতেছি। আমি কেবল লড়াই করার চেষ্টা করছিলাম। এটি একটি দুর্দান্ত লড়াই ছিল।"