সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটাররা পোস্ট করেন ট্রফি ইমোজি-সহ একগাদা ছবি। খেতাব কেড়ে নেওয়া গেলেও, জয়ের গর্বটা কেউ ছিনিয়ে নিতে পারেনি!

বরুণ চক্রবর্তী
শেষ আপডেট: 8 October 2025 10:39
দ্য ওয়াল ব্যুরো: মাঠের আলো নিভে এসেছে, অফিসিয়ালরা মাঠ ছেড়ে চলে গেছেন। কিন্তু মাঝমাঠে তখনও উল্লাসে ফেটে পড়ছে ভারতীয় দল (Team India)। হাতে নেই ট্রফি (Trophy), গলায় নেই মেডেল (Medal)—তবু হাসি, নাচ, সেলফি, ঠাট্টা… যেন টুর্নামেন্ট জয়ের পরিপূর্ণ সেলিব্রেশন!
এশিয়া কাপ (Asia Cup 2025) ফাইনালের সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। সারা দুনিয়া সেটা দেখেছে। কিন্তু সেই ‘ট্রফিবিহীন’ উদ্যাপনের আইডিটা বেরিয়েছিল কার মাথা থেকে? সেই রহস্য এতদিন অজানা ছিল। সম্প্রতি সে খবরও ফাঁস করলেন দলের অন্যতম সদস্য বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)।
সোমবার সিয়াট অ্যাওয়ার্ডসে (CEAT Awards) এসে টিম ইন্ডিয়ার রহস্য স্পিনার বলেন, ‘আসলে ওটা অর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) পরিকল্পনা। আমরা সবাই ট্রফির জন্য অপেক্ষা করছিলাম। তারপর অর্শদীপ হঠাৎ প্রস্তাব দিল—‘চল, ট্রফি ছাড়াই সেলিব্রেট করি!”
এরপর শুরু হয় যাবতীয় তোড়জোড়! অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) অভিনয় করে দেখান ট্রফি তোলার মুহূর্ত, নকল করেন রোহিত শর্মার (Rohit Sharma) বিশ্বকাপ সেলিব্রেশনের দৃশ্যও। হাসিতে ফেটে পড়ে সবাই।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে (Dubai International Stadium) পাকিস্তান (Pakistan)-বধের পর আসল পুরস্কার বিতরণী অনুষ্ঠান ভেস্তে গিয়েছিল। ভারতীয় দল জানিয়ে দেয়—তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মোহসিন নকভির (Mohsin Naqvi) হাত থেকে ট্রফি নেবে না। ফলত, বাতিল হয়ে যায় মূল অনুষ্ঠান, কিন্তু থামেনি উদ্যাপন। বরুণ মজার ছলে বলেন, ‘আমি তখন পাশেই দাঁড়িয়ে ছিলাম। ভেবেছিলাম কাপটা এসে পড়বে, কিন্তু সামনে যা ছিল সেটা শুধু এক কাপ কফি!’
পাশপাশি, এদিনের অনুষ্ঠানে উপস্থিত সঞ্জু স্যামসন (Sanju Samson) যোগ করেন, ‘হ্যাঁ, ট্রফি ছাড়া উদ্যাপনটা একটু অদ্ভুত লাগছিল ঠিকই। কিন্তু আমাদের ড্রেসিংরুমে নিয়ম হচ্ছে—যা-ই থাকুক, জেতার আনন্দে ঘাটতি থাকা চলবে না!’
পরে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটাররা পোস্ট করেন ট্রফি ইমোজি-সহ একগাদা ছবি। খেতাব কেড়ে নেওয়া গেলেও, জয়ের গর্বটা কেউ ছিনিয়ে নিতে পারেনি!