কোহলির নামের পাশে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে ৮২টি শতরান—ওডিআইয়ে ৫১, টেস্টে ৩০, টি–২০ তে ১। সচিন তেন্ডুলকরের ১০০ শতরানের রেকর্ড এখনও অটুট।

বিরাট কোহলি
শেষ আপডেট: 17 October 2025 12:42
দ্য ওয়াল ব্যুরো: ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে বিরাট কোহলি (Virat Kohli)। ১৪৮ বছরের ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড এর আগে কেউ গড়েননি। রবিবার পার্থের (Perth) মাঠে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে হাতে আসতে পারে সেই নজির—এক ফরম্যাটে সর্বাধিক শতরানের রেকর্ড!
এই মুহূর্তে বিরাটের শতরান সংখ্যা ৫১—কিংবদন্তি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গে একই সিঁড়িতে দাঁড়িয়ে। পার্থে আর একবার তিন অঙ্ক ছুঁলেই বিরাট পৌঁছে যাবেন ক্রিকেট-লোককথার চূড়ায়—এক ফরম্যাটে সর্বাধিক শতরানের মালিক হিসেবে। ক্রিকেটের প্রায় দেড়শো বছরের মহাগ্রন্থের নতুন অধ্যায়ে তুলবেন নাম।
৩৬ বছরের বিরাট ফিরছেন সাত মাসের আন্তর্জাতিক বিরতির পর। টেস্ট ও টি–২০ থেকে অবসর নেওয়ার পর এখন তিনি ভারতের অন্যতম সিনিয়র ওয়ানডে ব্যাটার। গত মার্চে (Champions Trophy 2025) ফাইনালে ভারতের জয়ে ব্যাটে ঝড় তুলেছিলেন, তারপর থেকে মাঠের বাইরে। এবার অস্ট্রেলিয়া সফরেই (India vs Australia ODI Series 2025) আবার শুরু হচ্ছে তাঁর নতুন ইনিংস।
পরিসংখ্যানই বলছে, অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট মানেই চোখধাঁধানো পারফরম্যান্স। ২৯ খানা একদিনের ক্রিকেটে তাঁর রান ১,৩২৭, গড় ৫১.০৩, পাঁচটি শতরান ও ছ’টি অর্ধশতরান। গত পাঁচ ইনিংসে অজিদের বিপক্ষে তাঁর স্কোর—৫৪, ৫৬, ৮৫, ৫৪ ও ৮৪। তিনটি অর্ধশতরান সমেত। এমন ধারাবাহিকতা আর আত্মবিশ্বাসই তাঁকে পৌঁছে দিয়েছে রেকর্ডের দোরগড়ায়।
কোহলির নামের পাশে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে ৮২টি শতরান—ওডিআইয়ে ৫১, টেস্টে ৩০, টি–২০ তে ১। সচিন তেন্ডুলকরের ১০০ শতরানের রেকর্ড এখনও অটুট। কিন্তু এক ফরম্যাটে ৫২তম শতরান পেলে বিরাট হয়ে যাবেন একমাত্র ক্রিকেটার, যিনি ওয়ানডেতে এমন নজির হাসিল করেছেন।
পাশপাশি আরও এক মাইলফলকের হাতছানি—রোহিত শর্মার (Rohit Sharma) রেকর্ড। অস্ট্রেলিয়ার মাটিতে সর্বাধিক শতরানের মালিক টিম ইন্ডিয়ার সদ্যপ্রাক্তন অধিনায়ক। হাঁকিয়েছেন চারটি সেঞ্চুরি। বিরাটের তিন। আর একবার শতক মানেই রোহিতের সঙ্গে এক পঙক্তিতে বসবেন।