পরিসংখ্যানই প্রমাণ দেয়—এখনও শীর্ষ ফর্মে বিরাট কোহলি। ৩০২ ওয়ানডেতে ১৪,১৮১ রান, গড় ৫৭.৮৮, ৫১টি শতরান ও ৭৪টি অর্ধশতরান। চলতি মরশুমে সাত ম্যাচে করেছেন ২৭৫ রান, গড় প্রায় ৪৬।

বিরাট কোহলি
শেষ আপডেট: 16 October 2025 11:34
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়া সফর শুরু হতেই আচমকা নেটদুনিয়ায় আলোড়ন তুললেন বিরাট কোহলি (Virat Kohli)। দীর্ঘ বিরতির পর মাঠে ফেরার মুখে ভারতীয় ব্যাটিং তারকার এক রহস্যময় পোস্ট ঘিরে তীব্র জল্পনা। কেউ বলছেন, কামব্যাকের প্রস্তুতি ঘোষণা, কেউ আবার পড়ছেন এক গভীর বার্তা—সম্ভবত ‘অবসরের গুঞ্জন’ নিয়ে সূক্ষ্ম জবাব।
আজ, কিছুক্ষণ আগেই, বিরাট তাঁর এক্স (X) হ্যান্ডেলে লিখেছেন—‘তুমি কেবল তখনই সত্যিকারের পরাজিত হও, যখন হাল ছেড়ে দাও!’ (‘The only time you truly fail, is when you decide to give up.’) মাত্র একটি বাক্য। কিন্তু তাতেই যেন হার-না-মানা জেদের ঝলক। যদিও ক্রিকেট–বিশ্বের নজরে এই পোস্ট নিছক দার্শনিক উক্তি নয়, বরং দুরন্ত ‘কামব্যাকে’-র এর সংকেত!
প্রায় সাত মাস পর জাতীয় দলের জার্সিতে নামছেন। শেষবার খেলেছিলেন মার্চে (Champions Trophy 2025)। সেবার ফাইনালে ভারতের ট্রফি জয়ে ছিল বিরাটের গুরুত্বপূর্ণ ভূমিকা। তারপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে বিরতি। টেস্ট ও টি–২০ থেকে অবসর নেওয়ার পর এখন কেবল ওয়ানডেতে (ODI) সক্রিয়। যদিও এতশতর মধ্যে জোর চর্চা—২০২৭ বিশ্বকাপে (ICC ODI World Cup 2027) দেখা যাবে তো তাঁকে? এই প্রশ্নের জবাবই যেন পরোক্ষে দিলেন বিরাট, ট্রেডমার্ক নিজস্ব ভঙ্গিতে!
The only time you truly fail, is when you decide to give up.
— Virat Kohli (@imVkohli) October 16, 2025
তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও আরসিবি (RCB) সতীর্থ দীনেশ কার্তিক (Dinesh Karthik) সম্প্রতি জানিয়েছেন, কিভাবে লন্ডনে থাকাকালীনও নিয়মিত অনুশীলন করেছেন বিরাট। কার্তিকের ভাষায়, ‘ওয়ার্ল্ড কাপ ২০২৭ খেলার ইচ্ছেটা ওর মধ্যে প্রবল। লন্ডনে ছুটি কাটালেও সপ্তাহে দুই-তিন দিন প্র্যাকটিস করেছে। ওর মধ্যে যে খিদে, সেটা এখনও কমেনি!’
পরিসংখ্যানই প্রমাণ দেয়—এখনও শীর্ষ ফর্মে বিরাট কোহলি। ৩০২ ওয়ানডেতে ১৪,১৮১ রান, গড় ৫৭.৮৮, ৫১টি শতরান ও ৭৪টি অর্ধশতরান। চলতি মরশুমে সাত ম্যাচে করেছেন ২৭৫ রান, গড় প্রায় ৪৬। আর ‘প্রিয়তম’ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া মাটিতে রেকর্ড? ২৯ ম্যাচে ১,৩২৭ রান, গড় ৫১, পাঁচটি শতরান, ছ’টি হাফসেঞ্চুরি—প্রতিটি ইনিংসই অনুরাগীদের জীবন্ত স্মৃতি! আপাতত দলের সঙ্গে যোগ দিয়েছেন। রবিবার পার্থে (Perth) নামছেন প্রথম ওয়ানডেতে (India vs Australia 1st ODI 2025)। একটিমাত্র পোস্ট। আর তাতেই যেন ম্যাচের আগে লড়াইয়ের আঁচ অনেকটা বাড়িয়ে দিলেন বিরাট!