'গত সপ্তাহে লর্ডসে ডব্লিউটিসি ফাইনালে আলোচনার সময় আইসিসি সভাপতি জয় শাহ ২০২৭-২৯ ডব্লিউটিসি চক্রের জন্য চার দিনের টেস্টের প্রতি তাঁর সমর্থন প্রকাশ করেছেন।

টেস্ট ক্রিকেট
শেষ আপডেট: 17 June 2025 15:47
দ্য ওয়াল ব্যুরো: টি-২০ ক্রিকেটের আগমনের পর থেকে অনেকেই বলেছিলেন কৌলিন্য হারাবে টেস্ট ক্রিকেট (Test Cricket)। পাঁচ দিনের টেস্ট ক্রিকেট দেখার মতো ধৈর্য আর দেখাবেন না দর্শকরা। কারণ একটা সময় ছিল, যখন বেশির ভাগ টেস্ট ম্যাচেরই কোনও ফলাফল হত না। কিন্তু এখন দিন বদলেছে। বেশিরভাগ টেস্টই আর নিস্ফলা থাকছে না, চার দিন বা তার কম সময়েই শেষ হয়ে যাচ্ছে।
এদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) শুরু হওয়ার পর থেকে টেস্ট ক্রিকেটের রোমাঞ্চ দ্বিগুণ হয়েছে। ম্যাচ ড্র করার পরিবর্তে জয়ের জন্য ঝাঁপাচ্ছে দলগুলি। তবে, টেস্টকে আরও আকর্ষণীয় করে তুলতে আইসিসি (ICC) কিছু পরিবর্তন আনতে চলেছে।
একটি প্রতিবেদন অনুসারে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ২০২৭-২৯ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ছোট দেশগুলির জন্য চার দিনের টেস্ট ম্যাচ (4 Days Test Match) অনুমোদন করতে চলেছে। তবে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো বড় দলগুলি ব্যতিক্রম হবে। এই তিনটি দেশ একে অপরের বিরুদ্ধে ঐতিহ্যবাহী পাঁচ দিনের ম্যাচই খেলবে। পাশাপাশি জানা গিয়েছে, টেস্ট বাড়াতে কমতে পারে একদিনের ম্যাচের সংখ্যা। আইসিসি বিশ্বাস করে যে, এটি ছোট দেশগুলিকে আরও বেশি করে টেস্ট এবং দীর্ঘ সিরিজ খেলতে সহায়তা করবে।
'দ্য গার্ডিয়ান' পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে, 'গত সপ্তাহে লর্ডসে ডব্লিউটিসি ফাইনালে আলোচনার সময় আইসিসি সভাপতি জয় শাহ (ICC President Joy Shah) ২০২৭-২৯ ডব্লিউটিসি চক্রের (2027-29 WTC Circle) জন্য চার দিনের টেস্টের প্রতি তাঁর সমর্থন প্রকাশ করেছেন। ফাইনালের সময় এই বিষয়ে আলোচনা করা হয়েছিল যাতে নিয়মটি সময়মতো অনুমোদিত হয় এবং এর জন্য নিয়ম তৈরি করা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, 'ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারত এখনও অ্যাশেজ, বর্ডার-গাভাসকর ট্রফি এবং পতৌদি ট্রফির জন্য পাঁচ দিনের টেস্ট সিরিজ খেলতে পারবে। পতৌদি ট্রফি শুক্রবার হেডিংলিতে ইংল্যান্ড এবং ভারতের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে।'
২০১৭ সালে প্রথমবারের মতো চার দিনের টেস্টের অনুমোদন দেওয়া হয়
আইসিসি ২০১৭ সালে দ্বিপাক্ষিক ম্যাচের জন্য চার দিনের টেস্টের অনুমোদন দেয়। ২০১৯ এবং ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে চার দিনের টেস্টের পর গত মাসে ট্রেন্ট ব্রিজে জিম্বাবোয়ের সঙ্গে চার দিনের ম্যাচ খেলেছিল ইংল্যান্ড। প্রতিবেদন অনুসারে, 'সময় এবং খরচের কারণে অনেক ছোট দেশ টেস্ট ম্যাচ আয়োজন করতে দ্বিধা করে, কিন্তু চার দিনের ক্রিকেটের দিকে এগিয়ে গেলে তিন সপ্তাহেরও কম সময়ে তিনটি টেস্ট ম্যাচের পুরো সিরিজ খেলা সম্ভব হবে।'
দিনে ৯০ ওভারের পরিবর্তে ৯৮ ওভার বল করা হবে
প্রতিবেদনে বলা হয়েছে, ‘চার দিনের টেস্ট ম্যাচে সময়ের অপচয় কমাতে প্রতিদিন সর্বনিম্ন ৯৮ ওভার বলা করা হবে। পাঁচ দিনের টেস্টে দিনে সর্বোচ্চ ৯০ ওভার বল করা হয়।’
ডব্লিউটিসি ফাইনাল চলাকালীন আলোচনায় আইসিসি চেয়ারম্যান জয় শাহ প্রস্তাব দেন, এবার থেকে টেস্ট ম্যাচের দৈর্ঘ্য চারদিনে নামিয়ে দেওয়া হোক। উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচও সাড়ে তিনদিনের কমেই শেষ হয়েছে। গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছে, টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার কথা মাথায় রেখেই টেস্ট ম্যাচের দৈর্ঘ্য কাটছাঁটের কথা ভাবছে আইসিসি। চ্যাম্পিয়ন হলেও খুব কম সদস্যের দল নিয়ে খেলতে এসেছিলেন তেম্বা বাভুমারা।
বর্তমান ডব্লিউটিসি চক্রটি পাঁচ দিনের খেলার উপর ভিত্তি করে তৈরি হবে
তবে, ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পাঁচ দিনের ম্যাচের বর্তমান ফরম্যাটেই চলবে। মঙ্গলবার শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে দু’টি টেস্ট সিরিজের মাধ্যমে এটি শুরু হবে। ২০২৫-২৭ চক্রে প্রতিদ্বন্দ্বিতাকারী নয়টি দেশের মধ্যে ২৭টি টেস্ট সিরিজের মধ্যে ১৭টিতে মাত্র দু’টি ম্যাচ এবং ছয়টিতে তিন ম্যাচের সিরিজ থাকবে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারত একে অপরের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে।