“আমি বোর্ডের নির্বাচক কমিটিতে থাকলে বিরাট কোহলিকে সোজাসুজি বলতাম, অধিনায়ক ) হিসাবে ইংল্যান্ড সফরে যাও। ফিরে এসে অবসর নিও। আর এটা হলে ওকে যোগ্য সম্মান দেওয়া হতো।”

সম্বরণ বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 17 June 2025 14:49
“আমি বোর্ডের নির্বাচক কমিটিতে থাকলে বিরাট কোহলিকে (Virat Kohli) সোজাসুজি বলতাম, অধিনায়ক (Captain) হিসাবে ইংল্যান্ড সফরে (England Tour) যাও। ফিরে এসে অবসর নিও। আর এটা হলে ওকে যোগ্য সম্মান দেওয়া হতো।” দ্য ওয়াল-কে এমনটাই জানালেন বাংলার রঞ্জি জয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় (Sambaran Bandopadhyay)।
বাংলার এই প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার একসময় বিসিসিআইয়ের নির্বাচক (BCCI Selector) কমিটিতে ছিলেন। ক্রিকেটার ও কোচ প্রশাসক হিসাবে তাঁর বিশাল অভিজ্ঞতা রয়েছে। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ (India-England Test Series 2025) শুরুর আগে দ্য ওয়াল-কে সম্বরণ দিলেন খোলামেলা সাক্ষাৎকার।
সম্বরণ বলেন, “অবসর সবাইকেই একদিন নিতে হয়, ডন ব্র্যাডম্যান, শচীন তেন্ডুলকরও নিয়েছেন। বিরাট-রোহিতও নিয়েছে। অবশ্যই এই মাপের ক্রিকেটাররা অবসর নিলে একটা শূন্যতা তৈরি হয়। সেটা পূরণ করতে সময় লাগে। তবে ভারতে এখন প্রতিভার অভাব নেই। রাতারাতি তো তাদের অভাব পূরণ হবে না। সময় লাগবে।”
করুণ নায়ারের (Karun Nayar) প্রত্যাবর্তন হয়েছে ভারতীয় দলে। তাঁকে নিয়েও নিজের মতামত জানিয়েছেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়। বললেন, “করুণ বিরাটের ক্লাসের নয়। তবে ও এখন ধারাবাহিক ফর্মের মধ্যে দিয়ে চলছে। গত দুই মরশুমের রঞ্জি-সহ ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছে। ইংল্যান্ডে এসে প্রস্তুতি ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছে। ওর বড় ইনিংস খেলার ক্ষমতা ও ধৈর্য আছে। টেস্টে ত্রিশতক রানের ইনিংস রয়েছে। আমার মনে হয় ও বিরাটের অভাব পূরণ করতে পারবে। তবে এখনই কিছু বলা উচিত হচ্ছে না। প্রথম টেস্টের পরেই বোঝা যাবে দলের ফর্মেশন কেমন রয়েছে। করুণ কিন্তু প্রথম টেস্টে রান পেলে ধারাবাহিকতা দেখাবে।”
ভারতীয় দলের নতুন অধিনায়ক হয়েছেন শুভমান গিল। তাঁর বয়স ও অভিজ্ঞতা নিয়ে অনেকেই কথা বলছেন। এক্ষেত্রে কিন্তু কোনও ভুল দেখছেন না সম্বরণ। তাঁর অভিমত, “এর আগেও কম বয়সে অনেকেই অধিনায়ক হয়েছেন। টাইগার পাতৌদি ২১ বছর বয়সে অধিনায়ক হয়েছিলেন। শুভমানের বয়স সেখানে ২৬। ওকে তৈরি করে নিতে হবে।”
বিরাট-রোহিতের অবর্তমানে ইংল্যান্ডে এবার ভারতীয় দল কতটা সাফল্য পেতে পারে? এই প্রশ্নের উত্তরে সম্বরণ বলেন, “ইংল্যান্ডে এখন ফার্স্ট সামার চলছে। এই সময় কিন্তু বল মুভমেন্ট করে বেশি। তবে এবার কিন্তু একটা আশ্চর্য বিষয় দেখা গেল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিন্তু লর্ডসের উইকেটকে খুব মন্থর লাগল। বল গড়াচ্ছিলই না। পিচের এই পরিস্থিতি থাকলে কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কুলদীপ যাদব। দলে রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর থাকলেও কুলদীপ কিন্তু বাইশ গজের ব্যবহার বেশি ভাল করতে পারবে। কারণ ও রিস্ট স্পিনার। হাতে গুগলি আছে। টার্ন করিয়ে বল বাইরে বের করতে পারে। এই ধরনের আবহাওয়া ও পিচে কিন্তু অর্থডক্স স্পিনারদের থেকে রিস্ট স্পিনাররা বেশি কার্যকরী।”
সাই সুদর্শনকে নিয়ে আশাবাদী সম্বরণ। বললেন, “সাই আইপিএলে দুরন্ত খেলেছে। কিন্তু ওর খেলা দেখে মনে হয় লাল বলের ক্রিকেটেও সাফল্য পাবে। আইপিএলে ও কিন্তু সব শট খেলেছে ক্রিকেটের ব্যাকরণ মেনে। কোনও লুজ শট খেলেনি। ওকে ফার্স্ট ডাউনে নামানো উচিত। ও কিন্তু ইংল্যান্ডের পরিবেশে আদর্শ ব্যাটার হয়ে উঠতে পারে।”
পাশাপাশি ভারতীয় পেস আক্রমণেরও প্রশংসা করছেন বাংলার এই প্রাক্তন তারকা। ফলাফল সম্পর্কে ভবিষ্যদ্বাণী না করলেও জানিয়েছেন, ভারত ভাল লড়াই দেবে।