সূত্রের দাবি, ‘রোহিত ও বিরাট হয়তো যাত্রার দিনই অথবা তার আগের দিন রাজধানীতে পৌঁছে যাবেন!’

রোহিত ও বিরাট
শেষ আপডেট: 8 October 2025 18:46
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওয়ানডে (ODI Series) আর পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ (T20 Series) খেলতে নামবে ভারতীয় দল (Team India)। দল ঘোষণা আগেই হয়েছিল। এবার জানা গেল, টিম ইন্ডিয়ার সফরসূচির (Travel Schedule) খুঁটিনাটি। রিপোর্ট বলছে, ১৫ অক্টোবর দু’দফায় দেশ ছাড়বে ভারতীয় ওয়ানডে স্কোয়াড।
বোর্ড সূত্রে খবর, একটি গ্রুপ সকালে, অন্য দল সন্ধ্যায় রওনা দেবে দিল্লি (New Delhi) থেকে। ব্যবসায়িক শ্রেণির টিকিটের (Business Class Tickets) পাওয়া-না পাওয়া আর লজিস্টিক্সের উপরেই নির্ভর করছে চূড়ান্ত দিনক্ষণ। দলের গন্তব্য প্রথমেই পার্থ (Perth), যেখানে ১৯ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতেন নামবে শুভমান ব্রিগেড।
জানা গিয়েছে, প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli), সঙ্গে নবনিযুক্ত সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)—তিনজনই দলের বাকিদের সঙ্গে যোগ দেবেন দিল্লিতে। সূত্রের দাবি, ‘রোহিত ও বিরাট হয়তো যাত্রার দিনই অথবা তার আগের দিন রাজধানীতে পৌঁছে যাবেন!’
এর মধ্যে একটি বিশেষ উদ্যোগ নিয়েছেন দলের নতুন হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। পুরো স্কোয়াডকে রাজেন্দ্র নগরের (Rajinder Nagar) নিজের বাসভবনে নিমন্ত্রণ জানিয়েছেন তিনি—একসঙ্গে ডিনার ও আড্ডার জন্য। উদ্দেশ্য একটাই—অস্ট্রেলিয়া সফরের আগে দলের অন্দরে ঐক্য ও বন্ধুত্বের পরিবেশ তৈরি করা।
বর্তমানে ভারত ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলছে, যা শেষ হবে ১৪ অক্টোবর। এরপরই শুরু বিদেশ সফরের প্রস্তুতি। যাঁরা ঘরোয়া বা আন্তর্জাতিক দায়িত্বে রয়েছেন, তাঁদের ম্যাচ আগে শেষ হলে স্বল্প বিরতি দিয়ে পরে দলের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ মিলবে।