আজকের বৃষ্টি শুধু ম্যাচ ভেস্তে দেয়নি—ভাসিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার স্বপ্নও। আর পড়ে পাওয়া চোদ্দো আনার সদ্ব্যবহার করে ইতিহাস গড়েছে জিম্বাবোয়ে।

জিম্বাবোয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচের দৃশ্য
শেষ আপডেট: 17 February 2026 18:20
দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি থামল না। আর সেই বর্ষণেই বদলে গেল গ্রুপের অঙ্ক। পাল্লেকেলের ম্যাচ ভেস্তে যেতেই টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া (Australia)। সুপার এইটে জায়গা পাকা করল জিম্বাবোয়ে (Zimbabwe)। গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কার (Sri Lanka) সঙ্গে পরের পর্বে জায়গা নিশ্চিত করল সিকান্দার রাজাদের দল।
মঙ্গলবার আয়ারল্যান্ড বনাম জিম্বাবোয়ে (Ireland vs Zimbabwe) ম্যাচ পরিত্যক্ত ঘোষণার পরই পরিষ্কার হয়ে যায় সমীকরণ। এক পয়েন্ট পেয়ে টেবিলে দ্বিতীয় স্থান নিশ্চিত করে জিম্বাবোয়ে। আর সেই মুহূর্তেই গণিতের হিসাবে বাদ পড়ে যায় অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড (Ireland) ও ওমান (Oman)।
বৃষ্টিতে নির্ধারিত ভাগ্য
পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে (Pallekele International Cricket Stadium) সকাল থেকেই বৃষ্টি। টসই করা যায়নি। মাঠ পুরো কভারে ঢাকা। মাঝেমধ্যে বৃষ্টি কমলেও আবার ঝিরঝিরে ধারাপাত শুরু হয়। গ্রাউন্ডস্টাফ কভার খুলে আবার ঢাকেন। কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি। শেষ পর্যন্ত স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আম্পায়াররা ম্যাচ বাতিল ঘোষণা করেন। ভাগাভাগি এক পয়েন্ট। আর তাতেই জিম্বাবোয়ের ভাগ্যের তালা খুলে যায়।
অজিদের অপ্রত্যাশিত বিদায়
২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবার গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল। প্রথম তিন ম্যাচের মধ্যে দু’টিতে হারের পর অন্য ফলাফলের উপর নির্ভরশীল হয়ে পড়ে। বিশেষ করে শ্রীলঙ্কার (Sri Lanka) কাছে ৮ উইকেটের বড় হার ও তার আগে জিম্বাবোয়ের হাতে অপ্রত্যাশিত পরাজয় অজিদের অবস্থান দুর্বল করে দেয়। জিম্বাবোয়ে এক পয়েন্ট পাওয়ার পর অস্ট্রেলিয়া আর দ্বিতীয় স্থানে পৌঁছতে পারত না। ফলে তাদের শেষ ম্যাচ ওমানের বিরুদ্ধে কার্যত অর্থহীন! ১৭ বছরে এই প্রথম সুপার এইট পর্যায়ে পৌঁছতে ব্যর্থ অজি বাহিনী।
জিম্বাবোয়ের প্রত্যাবর্তন
২০২৪ টি-২০ বিশ্বকাপে জায়গা না পাওয়া জিম্বাবোয়ে এবার ঘুরে দাঁড়িয়েছে। অধিনায়ক সিকান্দার রাজার (Sikandar Raza) নেতৃত্বে বড় মঞ্চে নিজেদের প্রমাণ করেছে। এখন সামনে সুযোগ, গ্রুপের শীর্ষস্থান দখল করার। ১৯ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে (R. Premadasa Stadium) শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে জিতলে গ্রুপ ‘বি’-তে প্রথম স্থানও হাতে আসতে পারে।
এক কথায়, আজকের বৃষ্টি শুধু ম্যাচ ভেস্তে দেয়নি—ভাসিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার স্বপ্নও। আর পড়ে পাওয়া চোদ্দো আনার সদ্ব্যবহার করে ইতিহাস গড়েছে জিম্বাবোয়ে।