এই ফলাফলের সুবাদে গ্রুপ ‘ডি’ থেকে দক্ষিণ আফ্রিকার (South Africa) সঙ্গে সুপার এইটে উঠল নিউজিল্যান্ড। আর বিদায় নিশ্চিত আফগানিস্তানের।

রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস
শেষ আপডেট: 17 February 2026 15:27
দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইয়ের মাঠে শেষমেশ অভিজ্ঞতার বাজিমাত। কানাডাকে ৮ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সুপার এইটে জায়গা করে নিল নিউজিল্যান্ড (New Zealand)। ১৭৪ রানের লক্ষ্য ১৫.১ ওভারেই তুলে নিল ব্ল্যাক ক্যাপসরা। আর সেই সঙ্গেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল আফগানিস্তান (Afghanistan)।
স্কোরবোর্ডে কানাডার ১৭৩/৪। লড়াইয়ের মঞ্চ তৈরি হয়েছিল ঠিকই। কিন্তু শেষ পর্যন্ত গ্লেন ফিলিপস (Glen Phillips) ও রাচিন রবীন্দ্রর (Rachin Ravindra) জোড়া আক্রমণ সব হিসেব পালটে দিল।
যুবরাজের দুরন্ত সেঞ্চুরি
ম্যাচের শুরুতে কিন্তু অন্য গল্প! ১৯ বছরের যুবরাজ সামরা (Yuvraj Samra) চিপকে ঝড় তুললেন। ৫৮ বলে শতরান—টি-২০ বিশ্বকাপে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ানের তকমা অর্জন। আজ ৩৬ বলে পঞ্চাশ ছুঁয়ে গতি বাড়ান তিনি। কাইল জেমিসন (Kyle Jamieson), ম্যাট হেনরি (Matt Henry)—কাউকেই রেয়াত করেননি। অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার (Dilpreet Bajwa) সঙ্গে ১১৬ রানের জুটি কানাডার ইনিংসের পালা হাওয়া জোগায়।
১৭৩ রান মোটেও সহজ লক্ষ্য নয়। বিশেষ করে চেন্নাইয়ের ধীর উইকেটে। উপরন্তু কিউয়ি শিবিরে অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner) নেই, লকি ফার্গুসন (Lockie Ferguson) ছুটিতে—এই অবস্থায় নিউজিল্যান্ডের বোলিং অ্যাটাক খানিক নড়বড়ে দেখাচ্ছিল। কিন্তু সামরার ইনিংস যতটা দাপুটে, ম্যাচের ভাগ্য ততটা কানাডার জন্য মজবুত ছিল না।
ফিলিপস-রবীন্দ্র জুটি, আফগানদের স্বপ্নভঙ্গ
১৭৪ রানের তাড়া করতে নেমে ধাক্কা খায় নিউজিল্যান্ড। টিম সাইফার্ট (Tim Seifert) মাত্র ৬ রানে ফিরলে কানাডা শিবিরের আশা বাড়তে থাকে। কিন্তু তারপরই ঘুরে যায় ম্যাচের মোড়! গ্লেন ফিলিপস (Glen Phillips) ও রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) ১৪৬ রানের জুটি গড়ে তোলেন। রবীন্দ্র ব্যাট হাতে সাবলীল, স্ট্রাইক রোটেশন করে চাপ কমাতে থাকেন। অন্যদিকে ফিলিপস শক্তির প্রদর্শনে বাউন্ডারি ও ছক্কায় লক্ষ্য ক্রমশ ছোট করে আনেন। যার সুবাদে শেষ পর্যন্ত ১৫.১ ওভারেই ম্যাচ শেষ। এই ফলাফলের সুবাদে গ্রুপ ‘ডি’ থেকে দক্ষিণ আফ্রিকার (South Africa) সঙ্গে সুপার এইটে উঠল নিউজিল্যান্ড। আর বিদায় নিশ্চিত আফগানিস্তানের। যারা গতকাল সংযুক্ত আরব আমিরশাহিকে হারালেও দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাস্ত হয়েছে। মাত্র দুই পয়েন্ট ঝুলিতে নিয়ে রশিদ খানদের অভিযান শেষ।