বাংলাদেশ সরে দাঁড়ানোয় শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেল স্কটল্যান্ড। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই স্কোয়াড ঘোষণা করে প্রস্তুত ইউরোপের দলটি।

বাংলাদেশের বদলে বিশ্বকাপে স্কটল্যান্ড
শেষ আপডেট: 27 January 2026 08:30
দ্য ওয়াল ব্যুরো: শেষ মুহূর্তের নাটকীয় মোড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ঢুকে পড়ল স্কটল্যান্ড (Scotland)। আইসিসি (ICC) শনিবার, ২৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পরই বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে খেলছে ইউরোপের এই দল। ভারতে ম্যাচ খেলতে অনীহা প্রকাশ করে সূচি বদলের আবেদন করেছিল বাংলাদেশ (Bangladesh), কিন্তু আইসিসি সেই অনুরোধ খারিজ করায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় তারা। আর তাতেই খুলে যায় স্কটল্যান্ডের দরজা।
বিশ্বকাপে নাম লেখানোর ৪৮ ঘণ্টার মধ্যেই ১৫ জনের দল ঘোষণা করে দিয়েছে স্কটল্যান্ড ক্রিকেট (Cricket Scotland)। অধিনায়কের দায়িত্বে থাকছেন রিচি বেরিংটন (Richie Berrington)। উল্লেখযোগ্য বিষয়, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে ১১ জন ক্রিকেটারকে এবারও ধরে রাখা হয়েছে, ফলে দল গঠনে অভিজ্ঞতার ঘাটতি হবে না।
সবচেয়ে নজরকাড়া নাম টম ব্রুস (Tom Bruce)। নিউ জিল্যান্ডের হয়ে ১৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলা এই ব্যাটার প্রথমবার স্কটল্যান্ডের জার্সিতে বিশ্বকাপ খেলতে চলেছেন। গত বছরই তিনি স্কটল্যান্ডের হয়ে খেলতে শুরু করেন এবং অগস্টে ওডিআই (ODI) অভিষেকও হয় তাঁর। পাশাপাশি প্রথমবার বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে আফগানিস্তানের জাইনুল্লাহ ইহসান (Zainullah Ihsan), ফিনলে ম্যাকক্রিথ (Finlay McCreath) এবং অলিভার ডেভিডসনকে (Oliver Davidson)।
হঠাৎ করে বিশ্বকাপে সুযোগ পেয়ে ব্যস্ততার কথা অকপটে স্বীকার করেছেন স্কটল্যান্ডের হেড কোচ ডাগিন্স (Dawkins)। তাঁর কথায়, “গত ৪৮ ঘণ্টা আমাদের কাছে একেবারে ঝড়ের মতো কেটেছে। খেলোয়াড় আর সাপোর্ট স্টাফদের সব ব্যবস্থা করতে ক্রিকেট স্কটল্যান্ডের সবাই দিন-রাত এক করে কাজ করেছে, তা অস্বীকার করা যাবে না।”
বিশ্বকাপ শুরুর আগেই অবশ্য ভিসা (Visa) নিয়ে কিছুটা চিন্তা ছিল স্কটিশ শিবিরে। যদিও আইসিসি আশ্বাস দিয়েছে, দেরিতে সুযোগ পেলেও ভিসা সংক্রান্ত বড় কোনও সমস্যা হবে না। সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি কলকাতায় (Kolkata) উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে নামছে স্কটল্যান্ড। তার আগে ২ ও ৪ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে (Bengaluru) আফগানিস্তান (Afghanistan) ও নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে দু’টি ওয়ার্ম-আপ ম্যাচ রয়েছে।
সামান্য জটিলতা হতে পারে সফিয়ান শরিফের (Safyaan Sharif) ক্ষেত্রে। পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় সাম্প্রতিক ভারত-পাকিস্তান (India-Pakistan) কূটনৈতিক টানাপড়েনে তাঁর ভিসা পেতে দেরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লাডে (Trudy Lindblade) জানিয়েছেন, আইসিসি পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং শুধুমাত্র স্কটল্যান্ড নয়, বিশ্বকাপে অংশ নেওয়া সব দলকেই সাহায্য করার জন্য আলাদা টিম কাজ করছে।
সব মিলিয়ে, শেষ মুহূর্তে সুযোগ পেলেও আত্মবিশ্বাসে ভরপুর স্কটল্যান্ড। অভিজ্ঞ আর নতুন মুখের মিশেলে তারা কতদূর যেতে পারে, সেটাই এখন দেখার।
স্কটল্যান্ডের স্কোয়াড
রিচি বেরিংটন (ক্যাপ্টেন), টম ব্রুস, ম্যাথিউ ক্রস (Matthew Cross), ব্র্যাড কারি (Brad Currie), অলিভার ডেভিডসন, ক্রিস গ্রিভস (Chris Greaves), জাইনুল্লাহ ইহসান, মাইকেল জোন্স (Michael Jones), মাইকেল লিস্ক (Michael Leask), ফিনলে ম্যাকক্রিথ, ব্র্যান্ডন ম্যাকমুলেন (Brandon McMullen), জর্জ মানসি (George Munsey), সফিয়ান শরিফ, মার্ক ওয়াট (Mark Watt), ব্র্যাড হুইল (Brad Wheal)।