বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের আসল কারণ এক লাইনে বলতে গেলে: মুস্তাফিজুর ইস্যু ‘ট্রিগার’, নিরাপত্তা সংক্রান্ত যুক্তি ‘ঢাল’, আইসিসির অনমনীয়তা ‘প্রেক্ষাপট’—আর নেপথ্যে ভূরাজনীতির ‘পূর্ণাঙ্গ স্ক্রিপ্ট’।

ছবি: এআই নির্মিত
শেষ আপডেট: 23 January 2026 17:54
দ্য ওয়াল ব্যুরো: সামনে একটা কারণ দর্শানো হচ্ছে ঠিকই। মুস্তাফিজুর রহমানকে অনৈতিকভাবে আইপিএল থেকে ছেঁটে ফেলা হয়েছে। নির্দেশ এসেছে উপরমহল, বিসিসিআই (BCCI) থেকে। যার জেরে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বাংলাদেশি পেসারকে মিনি নিলামে কিনেও ছেড়ে দিতে বাধ্য হয়েছে।
রাজনৈতিক টেনশন চলছিল। মুস্তাফিজুর-ইস্যু বিতর্কে নতুন ইন্ধন জোগান দেয়। যার জেরে বেঁকে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। বিসিসিআইয়ের এই ছাঁটাইয়ের ‘মুভ’ ছিল লোভনীয় ফুলটস। হাঁকিয়ে বাউন্ডারির বাইরে পাঠাতে দেরি করেনি বিসিবি। সাফ সাফ জানানো হয়: সাম্প্রতিক রাজনৈতিক টানাপড়েনের পরিস্থিতিতে টিমকে ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে পাঠানো ঠিক ‘নিরাপদ’ নয়! ফলে ভেন্যু বদলাতে হবে। ভারতে নয়, ময়দান হতে পারে শ্রীলঙ্কা। ঠিক যে হাইব্রিড মডেল ইদানীং ভারত–পাকিস্তানের ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে, সেটাই লাগু হোক। অসুবিধে নেই। আমল দেয়নি আইসিসি (ICC)। জমে ওঠে বিকল্প প্রস্তাব উত্থাপন ও বাতিলের যুগপৎ খেলা! ভারতকে কেন্দ্র করে আইসিসি–বিসিবি–পিসিবি (PCB)-র ত্রিমুখী চক্র ঘুরপাক খেতে থাকে।
সত্যি বলতে, বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ বয়কট—এই ঘটনাকে যদি কেউ নিছক ‘ক্রিকেটীয় ক্ষোভ’ বলে উড়িয়ে দেন, তাহলে ছবির অর্ধেকও তাঁর নজরে আসেনি। আসলে এই বয়কটের কেন্দ্রে আছে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ভূরাজনীতির জটিল পালাবদল, ক্ষমতার নতুন ভারসাম্য। মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) ইস্যু ছিল কেবল স্ফুলিঙ্গ। আগুন বহুদিন ধরেই জমছিল।
‘নিরাপত্তা’ সংক্রান্ত যুক্তি কেন রাজনৈতিক?
বিসিবির বক্তব্যের মুখ্য শব্দটি ‘নিরাপত্তা’। প্রশ্ন উঠেছে—ভারতের মতো দেশে, যেখানে নিয়মিত আন্তর্জাতিক সিরিজ হয়, সেখানে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে হঠাৎ এত উদ্বেগ কেন? উত্তর লুকিয়ে আছে দুই স্তরে।
প্রথমত, আইপিএল থেকে মুস্তাফিজুরকে ‘উপরমহলের নির্দেশে’ বাদ দেওয়ার বার্তাটি ঢাকায় নেওয়া হয়েছে অসম্মানের প্রতীক হিসেবে। যদি একটি ঘরোয়া লিগে একজন বাংলাদেশি আন্তর্জাতিক তারকার নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা না যায়, তবে জাতীয় দল নিয়ে কীভাবে আশ্বাস দেওয়া হবে—এই সওয়াল রাজনৈতিকভাবে সত্যিই শক্তিশালী।
দ্বিতীয়ত, সাম্প্রতিক সময়ে ভারতের অভ্যন্তরে ধর্মীয় উত্তেজনা ও বিদেশি খেলোয়াড়দের লক্ষ্য করে হুমকির কিছু বিচ্ছিন্ন ঘটনা ঢাকার কূটনৈতিক ফাইলকে ভারী করেছে। এখানেই ‘নিরাপত্তা’ যুক্তি হয়ে উঠেছে ক্রীড়া-কূটনীতির পোক্ত ঢাল। এমনিতেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) জমানায় অতীতে যে অবস্থান নিতে বাংলাদেশ দ্বিধাগ্রস্ত ছিল, এখন তা নিতে সাহসী। বার্তা স্পষ্ট—বাংলাদেশ ক্রিকেট আর ‘জুনিয়র পার্টনার’ হয়ে চলবে না। আইসিসির ভেতরে ভারতের প্রভাব (বিগ থ্রি কাঠামো) প্রশ্নাতীত—এমন ধারণাকে চ্যালেঞ্জ করাই নতুন কৌশল। তাই আইসিসির ১৪–২ ভোটে ভেন্যু বদলের প্রস্তাব খারিজ হলেও, ঢাকার সংকেত পৌঁছে গেছে—আলোচনা, দরাদরির টেবিলে তারা আর নীরব সদস্য নয়!
আইসিসির অচলাবস্থা: লজিস্টিক্স বনাম নৈতিকতা
আইসিসির অবস্থান আনুষ্ঠানিকভাবে ‘লজিস্টিক্স ও কমার্শিয়াল কমিটমেন্ট’। শেষ মুহূর্তে ভেন্যু বদল মানে সম্প্রচার, স্পনসরশিপ, টিকিটিং—সবকিছুর পুনর্বিন্যাস। যুক্তি অস্বীকার্য। কিন্তু এখানেই সমস্যা—ক্রিকেট প্রশাসন কি কেবল ব্যবসা দেখবে, নাকি সদস্য দেশের রাজনৈতিক–সামাজিক বাস্তবতাকেও আমলে নেবে? রাশিয়া–ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার উপর নিষেধাজ্ঞার নজির দেখিয়ে অনেকের প্রশ্ন—তখন নৈতিকতা বিবেচনায় এসেছিল, এখানে কেন নয়? আইসিসির ভেতরের এই দ্বিচারিতা বাংলাদেশকে আরও অনমনীয় করে তুলেছে।
সমীকরণে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ ফ্যক্টর। সাম্প্রতিক সময় ভারত–পাকিস্তান ম্যাচে ‘হাইব্রিড মডেল’ অনুসৃত হয়েছে। পাকিস্তান নিজ দেশে ভারতকে নামাতে না পারলেও, নিজেদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলিয়েছে। বাংলাদেশ এই নজিরকে সামনে এনে বলছে—যদি পাকিস্তানের ক্ষেত্রে সম্ভব হয়, আমাদের ক্ষেত্রে কেন নয়? আসলে পর্দার আড়ালে, ঢাকায়–ইসলামাবাদে বোঝাপড়া বেড়েছে। দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতিতে একক আধিপত্যের বিপরীতে ‘সংঘবদ্ধ চাপ’ তৈরি করাই এই অক্ষের মূল লক্ষ্য।
আগুনে ঘি ঢেলেছে ভারতের গণমাধ্যমের একাংশ। যারা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ‘সংখ্যালঘু নির্যাতন’ ন্যারেটিভকে জোরালো করেছে। ঢাকার পাল্টা যুক্তি—এটি রাজনৈতিক চাপ তৈরির কৌশল। ইউনূস প্রশাসন আন্তর্জাতিক ফোরামে তথ্য–প্রমাণ তুলে ধরে দেখাতে চেয়েছে, যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং খেলাধুলাকে রাজনৈতিক প্রচারের অস্ত্র করা হচ্ছে। আর এখানেই ‘সফট পাওয়ার’ হয়ে উঠেছে ক্রিকেট। দিনের শেষে বিশ্বকাপ বয়কট মানে খেলোয়াড়দের ম্যাচ ফি, বোনাস, অভিজ্ঞতা—সবকিছুর ক্ষতি। বিসিবির এক সিনিয়র কর্তার ‘ক্ষতি বড় কথা নয়’। এই মন্তব্যে সমালোচনা হয়েছে। কিন্তু রাষ্ট্রীয় সমর্থন পেলে বোর্ডের হিসেব বদলায়। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার–বোর্ডের এক সুরে বার্তা—জাতীয় মর্যাদা আর সার্বভৌম অবস্থান আর্থিক ক্ষতির ঊর্ধ্বে।
বিকল্পের খসড়া
আইসিসির আল্টিমেটাম—ভারতে খেলুন, না হলে বদলি টিম খোঁজা হবে (স্কটল্যান্ড সম্ভাব্য)—সংকটকে ‘পয়েন্ট অব নো রিটার্নে’ ঠেলে দিয়েছে। শ্রীলঙ্কা (Sri Lanka) বিকল্প ভেন্যু হিসেবে যুক্তিযুক্ত—নিরাপত্তা, লজিস্টিক্স, দর্শক–প্রবেশ সব দিকেই তুলনামূলক সুবিধা। কিন্তু আইসিসির অনীহা—কেবল ভেন্যুর প্রশ্ন নয়, কর্তৃত্বের সওয়াল।
বিশেষজ্ঞদের মতে, এই সংঘাতের ক্ষত দ্রুত শুকোবে না। দ্বিপাক্ষিক সিরিজ, আইসিসি ভোট–রাজনীতি, এমনকি আইপিএলে বাংলাদেশি খেলোয়াড়দের ভবিষ্যৎ—সবই প্রভাবিত হবে। বাংলাদেশ ক্রিকেটের পরিচয় বদলাচ্ছে--এটা কেবল মাঠের ফলাফলে সীমাবদ্ধ নয়, এখন রাষ্ট্রের কূটনীতির অংশ।
বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের আসল কারণ এক লাইনে বলতে গেলে: মুস্তাফিজুর ইস্যু ‘ট্রিগার’, নিরাপত্তা সংক্রান্ত যুক্তি ‘ঢাল’, আইসিসির অনমনীয়তা ‘প্রেক্ষাপট’—আর নেপথ্যে ভূরাজনীতির ‘পূর্ণাঙ্গ স্ক্রিপ্ট’। ইউনূস ফ্যাক্টর ঢাকাকে দিয়েছে সাহস, (সেটা আত্মঘাতী কিনা সময়ই বলবে!); পাকিস্তান–হাইব্রিড নজির জুগিয়েছে কৌশল; ভারতের মিডিয়া–রাজনীতি প্রতিক্রিয়ার জ্বালানি! শেষ পর্যন্ত প্রশ্নটা ক্রিকেটের নয়—ক্ষমতার। কে নিয়ম লিখবে, কে ব্যতিক্রম চাইবে, আর কে তা মানবে… এই স্নায়ুযুদ্ধে বল আর ব্যাট শুধু প্রতীক। আসল খেলা চলছে রুদ্ধদরজার আড়ালে, টেবিল-বৈঠকে!