বিসিবির অবস্থান পরিষ্কার—এই সূচি মানতে তারা প্রস্তুত নয়। এখন দেখার, আইসিসি কি নিজের সিদ্ধান্তেই অনড় থাকবে, নাকি ডিসপিউট রেজোলিউশন কমিটির দরজা খুলে নতুন মোড় নেবে টি–২০ বিশ্বকাপের এই জ্বলন্ত বিতর্ক।

বাংলাদেশ টিম
শেষ আপডেট: 23 January 2026 17:35
দ্য ওয়াল ব্যুরো: টি–২০ বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup 2026) শুরুর আগে নতুন করে জটিলতা। ভারতের মাটিতে খেলতে নারাজ বাংলাদেশ। একবার অনুরোধ খারিজ হওয়ার পরেও পিছু হটেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। শেষ চেষ্টা হিসেবে ফের আইসিসির (International Cricket Council) দ্বারস্থ হচ্ছে তারা। আর্জি: বিবাদ নিষ্পত্তি কমিটির নিরপেক্ষ হস্তক্ষেপ।
আইসিসির ‘না’ সত্ত্বেও অনড় বিসিবি
ইতিমধ্যে আইসিসি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের আবেদন খারিজ করে দিয়েছে। জানানো হয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ীই ভারতেই হবে বাংলাদেশের ম্যাচ। কিন্তু তাতেও অবস্থান বদলায়নি বিসিবির। সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের (Aminul Islam Bulbul) স্পষ্ট বক্তব্য, আইসিসির সিদ্ধান্তের পরেও ভারত সফরে দল পাঠাবে না বাংলাদেশ।
টাইমস অব ইন্ডিয়ার (Times of India) রিপোর্ট অনুযায়ী, বিসিবি ফের একটি চিঠি পাঠিয়েছে আইসিসিকে। সেখানে দাবি জানানো হয়েছে, বিষয়টি যেন সংস্থার স্বাধীন বিবাদ নিষ্পত্তি কমিটির (Dispute Resolution Committee) কাছে পাঠানো হয়।
কোথায় আলাদা এই কমিটি?
আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটি মূলত একটি স্বতন্ত্র সালিশি সংস্থা। স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত কমিটি আইসিসি–সংক্রান্ত বিতর্ক, সিদ্ধান্তের আইনগত বৈধতা ও ব্যাখ্যা খতিয়ে দেখে। ইংল্যান্ডের আইনে পরিচালিত এই প্রক্রিয়ার সদর দফতর লন্ডনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—এই কমিটির রায় চূড়ান্ত এবং বাধ্যতামূলক। ফিরতি আপিলের কোনও সুযোগ নেই, খুব সীমিত প্রক্রিয়াগত কারণ ছাড়া। বিসিবির আশা, আইসিসি শেষ পর্যন্ত এই পথেই বিষয়টির ফয়সালায় বাধ্য হবে।
সূচি অনুযায়ী কোথায় কোথায় বাংলাদেশের ম্যাচ?
বর্তমান সূচি মোতাবেক, বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা ৭ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচ ইডেন গার্ডেনসে (Eden Gardens), প্রতিপক্ষ দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। এরপর ৯ ফেব্রুয়ারি একই মাঠে ইতালির (Italy) বিরুদ্ধে ম্যাচ। তৃতীয় খেলাও কলকাতাতেই। প্রতিপক্ষ ইংল্যান্ড (England)! সবশেষে মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) নেপালের (Nepal) বিরুদ্ধে খেলবে বাংলাদেশ।
বিসিবির অবস্থান পরিষ্কার—এই সূচি মানতে তারা প্রস্তুত নয়। এখন দেখার, আইসিসি কি নিজের সিদ্ধান্তেই অনড় থাকবে, নাকি ডিসপিউট রেজোলিউশন কমিটির দরজা খুলে নতুন মোড় নেবে টি–২০ বিশ্বকাপের এই জ্বলন্ত বিতর্ক।