আইসিসির তরফে স্পষ্ট জানানো হয়েছে, আয়োজক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কার নিরাপত্তা ব্যবস্থার উপর তারা পূর্ণ আস্থা রাখে। সেই সঙ্গে প্রতিযোগিতার সূচি ও লজিস্টিক ব্যবস্থায় আর কোনও পরিবর্তনের সুযোগ নেই বলেও জানানো হয়। ফলে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান ঘটল।

ফাইল ছবি
শেষ আপডেট: 24 January 2026 15:53
দ্য ওয়াল ব্যুরো: টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (ICC T-20 World Cup) আগে বড়সড় ঘটনা। ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের (Bangladesh) বদলে স্কটল্যান্ডের (Scotland) অংশগ্রহণ কার্যত নিশ্চিত হয়ে গেল। প্রতিযোগিতা শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট মহলে রীতিমতো আলোড়ন ফেলেছে।
সূত্রের খবর, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) শেষ মুহূর্তে আইসিসির কাছে আবেদন করেছিল, যাতে তাদের নির্ধারিত ম্যাচগুলি ভারতে (India) না হয়ে শুধুমাত্র শ্রীলঙ্কায় (Sri Lanka) আয়োজন করা হয়। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সেই আবেদন খারিজ করে দেয়। জানা যাচ্ছে, এটি ছিল বাংলাদেশের তরফে করা শেষ আইনি আবেদন। নির্ধারিত সময়সীমার মধ্যেই সেই আবেদন নাকচ হওয়ায় আর কোনও পথ খোলা থাকেনি।
আইসিসির তরফে স্পষ্ট জানানো হয়েছে, আয়োজক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কার নিরাপত্তা ব্যবস্থার উপর তারা পূর্ণ আস্থা রাখে। সেই সঙ্গে প্রতিযোগিতার সূচি ও লজিস্টিক ব্যবস্থায় আর কোনও পরিবর্তনের সুযোগ নেই বলেও জানানো হয়। ফলে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান ঘটল।
এই পরিস্থিতিতে আইসিসি দ্রুত বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর স্কটল্যান্ডের টুর্নামেন্টে খেলার পথ পরিষ্কার হয়েছে বলে খবর। বিশ্বকাপের মতো বড় মঞ্চে স্কটল্যান্ডের প্রবেশ নিঃসন্দেহে তাদের ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
বাংলাদেশে কী ব্যাখ্যা ছিল
দেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের (Asif Nazrul) সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের বৈঠকের পরেই সিদ্ধান্তে সিলমোহর পড়ে যে ক্রিকেট টিম ভারতে খেলবে না। তার আগে আইসিসি বিশ্বকাপে খেলবে কি না, তা জানানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয়।
বিসিবি-র বক্তব্য পরিষ্কার। তারা টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী, কিন্তু ম্যাচ ভারতে আয়োজন চলবে না। বোর্ড সূত্রে খবর, নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগের কথা বারবার জানানো হয়। কিন্তু আইসিসি সেই আবেদন খারিজ করে দেয়। ফলাফল - বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো।
বাংলাদেশের অনুপস্থিতি বিশ্বকাপের প্রতিযোগিতামূলক ভারসাম্যেও প্রভাব ফেলবে। টি–২০ ফরম্যাটে তারা বরাবরই ‘ডার্ক হর্স’। বড় দলগুলোর বিরুদ্ধে অঘটন ঘটানোর ক্ষমতা রাখে। বাংলাদেশ না থাকার অর্থ: বিশ্বকাপের রং কিছুটা হলেও ফিকে হবে। মত ক্রিকেটমহলের।