নিজের পডকাস্টে ভারত-ইংল্যান্ড দ্বৈরথ নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘ঋষভ পন্থ আর কোনও আনকোরা ক্রিকেটার নন। তাই আমাদের উচিত ওঁকে ওঁর মানদণ্ডে বিচার করা।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 9 July 2025 14:44
দ্য ওয়াল ব্যুরো: তোমার তুলনা তুমিই।
ঋষভ পন্থের তুলনা একমাত্র ঋষভ পন্থের সঙ্গেই হতে পারে। তিনি নিজেই নিজের মানদণ্ড গড়েছেন। ঋষভ আর ক্রিকেটের নতুন কোনও মুখ নন, যাঁকে অন্য কোনও প্রাক্তন উইকেটরক্ষকের সঙ্গে তুলনা করতে হবে। শুধু উইকেটকিপার হিসেবে নয়, ব্যাটসম্যান হিসেবেও নিজের জায়গা পাকা করেছেন। আর তাই অহেতুক অ্যাডাম গিলক্রিস্ট কিংবা অন্য কাউকে আলোচনার আনার দরকার নেই! এই ভাষাতেই ভারতের উইকেটকিপারকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্র অশ্বিন।
নিজের পডকাস্টে ভারত-ইংল্যান্ড দ্বৈরথ নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘ঋষভ পন্থ আর কোনও আনকোরা ক্রিকেটার নন। তাই আমাদের উচিত ওঁকে ওঁর মানদণ্ডে বিচার করা। আমি ঋষভের নিজের বেঞ্চমার্কে ওকে যাচাইয়ের পক্ষপাতী!’ এরপরই অ্যাডাম গিলক্রিস্টের কথা তুলে অশ্বিন যোগ করেন, ‘লোকজন ওকে আকছার গিলক্রিস্টের সঙ্গে তুলনা করে। কিন্তু এটা ঠিক নয়। গিলক্রিস্ট গ্লাভস হাতে খুবই দড় ছিলেন। যিনি সাতে নেমে যে কোনও ম্যাচ প্রতিপক্ষের হাত থেকে ছিনিয়ে নিতেন। কিন্তু পন্থ খেলে পাঁচে। দুটো বিষয় একদম আলাদা!’
কেন আলাদা? সেটা যে শুধু ব্যাটিং পজিশন নয়, ব্যাটিং টেকনিকও যে এর কারণ, সেটা বুঝিয়ে দিয়েছেন অশ্বিন। বলেছেন, ‘গিলক্রিস্টের এত ভাল ডিফেন্স ছিল না। পন্থের ডিফেন্স উন্নতমানের। তাঁকে দুনিয়ার সেরা ব্যাটারদের সঙ্গে তুলনা করা উচিত, স্রেফ উইকেটরক্ষকদের সঙ্গে নয়।’
প্রসঙ্গত, ইংল্যান্ড সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন ঋষভ। প্রথম টেস্টের দুটো ইনিংসেই সেঞ্চুরি করেছেন। দ্বিতীয় টেস্টে হাফসেঞ্চুরি। একদিকে হাত খুলে খেলছেন। অন্যদিকে কঠিন মুহূর্তে দলের প্রয়োজনে উইকেটে টিকে থাকছেন। দেখাচ্ছেন ডিফেন্সিভ দক্ষতা। আইপিএলের দুঃস্বপ্ন ভুলে অন্য মেজাজে টিম ইন্ডিয়ার উইকেটকিপার। অশ্বিনের মন্তব্য যে ভুল বা অতিরঞ্জন নয়, সেটা লর্ডসে ফের একবার প্রমাণের জন্য মুখিয়ে থাকবেন ঋষভ।