জাতীয় দলে ব্রাত্য মহম্মদ সামি! লখনউ সুপার জায়ান্টসের হয়ে আগুনে ফর্মের মাঝেই নির্বাচকদের কড়া বার্তা দিলেন অভিজ্ঞ পেসার। সামির পাশে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় কী বললেন? ইডেন ম্যাচের আগে বিস্তারিত পড়ুন।

সামি ও সৌরভ
শেষ আপডেট: 8 April 2026 12:40
দ্য ওয়াল ব্যুরো: মাঠে বল হাতে আগুন ঝরাচ্ছেন। তবু জাতীয় দলে ডাক নেই। এই জটিল অবস্থার মধ্যে স্পষ্ট বার্তা দিলেন মহম্মদ সামি (Mohammed Shami)। সংযমী, কিন্তু তীক্ষ্ণ ভাষায়। আর সেই সুরে সুর মিলিয়ে নির্বাচকদের দিকে আঙুল তুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। সব মিলিয়ে প্রশ্ন একটাই—টিম ইন্ডিয়ার জার্সিতে সামি ফিরবেন কবে?
‘আমরা মজদুর মানুষ’
একটা লাইনেই যেন মনের কথাটুকু বলে দিলেন অভিজ্ঞ পেসার। বাংলায় যার সারমর্ম—আমি শ্রমিকের মতো, কাজ শুধু বল করে যাওয়া। সোশ্যাল মিডিয়া, ‘ফ্যান্সি’ বিতর্ক—এসবের পেছনে ছুটতে নারাজ তিনি। বরং, বঞ্চনার ভুলে জোর দিচ্ছেন পরিশ্রম আর পারফরম্যান্সে। চোট, ওঠানামা—সবই আছে। তা সত্ত্বেও মাটির টান ভুলতে নারাজ।
আইপিএলে আগুনে ফর্ম, তবু জাতীয় দলে নেই জায়গা
চলতি আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) হয়ে দুর্দান্ত ছন্দে মহম্মদ সামি। সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে ২/৯—১৮টি ডট বল। এককথায় ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া স্পেল। এর আগে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধেও নিয়ন্ত্রিত বোলিং। তবু জাতীয় দলে ব্রাত্য। এই বৈপরীত্য, স্বাভাবিকভাবে, আলোচনার কেন্দ্র।
ঘরোয়া ক্রিকেটেই প্রমাণ, ‘কর্মভূমি’ বাংলা
রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) বাংলার জার্সিতে ৩৭ উইকেট। গড় ১৬.৭২। সেমিফাইনালে ৮ উইকেট। দল হারলেও নজর কেড়েছেন সামি। তাঁর কাছে ঘরোয়া ক্রিকেট কোনও ব্যাকআপ নয়—এটাই ভিত্তি। স্পষ্ট সুরে জানিয়েছেন, এই রাজ্য তাঁর ‘কর্মভূমি’। সামির কথায়, ‘যতদিন খেলতে পারব, বাংলার জন্য খেলব’। ভণিতা ছাড়া নিপাট প্রতিশ্রুতি।
‘বুমরাহর পাশে সামিরই থাকা উচিত’
গোটা ইস্যু নিয়ে সরব সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সাফ বক্তব্য—সামিকে টিম ইন্ডিয়ায় (India) ফেরাতেই হবে। তিনি বলেন, ‘বুমরাহর (Jasprit Bumrah) অন্য প্রান্তে ওর মতো বোলারই দরকার।’হায়দরাবাদের বিরুদ্ধে স্পেলকে ‘অবিশ্বাস্য’ বলেও প্রশংসা করেছেন সৌরভ। পাশাপাশি ফিটনেস নিয়েও নিশ্চিত—সামি এখন শারীরিকভাবে সেরা অবস্থায়। মনে করছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
ইডেনে বাড়তি সুবিধা, সামনে নতুন পরীক্ষা
এবার সামনে কেকেআরের (Kolkata Knight Riders) বিরুদ্ধে ম্যাচ। ইডেন গার্ডেনসে (Eden Gardens)। এই মাঠে নিশ্চিতভাবে সামি বাড়তি সুবিধা পাবেন। পিচ, কন্ডিশন—সবই চেনা। নিজেই বলেছেন, ‘লোকাল হিসেবে আমার একটা অ্যাডভান্টেজ থাকবেই!’
সব মিলিয়ে, মাঠে পারফরম্যান্স আর মাঠের বাইরের বার্তা—দু’দিকেই এখন আলোচনার কেন্দ্রে মহম্মদ সামি। ফর্ম আছে, আছে সমর্থনও। এখন দেখার—নির্বাচকদের সিদ্ধান্ত কবে বদলায়।