মহম্মদ সামির আগুনে স্পেলে তছনছ সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ। ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার ‘ট্র্যাভিষেক’ জুটিকে ফিরিয়ে লখনউকে ম্যাচে চালকের আসনে বসালেন অভিজ্ঞ পেসার। বিস্তারিত পড়ুন।

মহম্মদ সামি
শেষ আপডেট: 5 April 2026 16:28
দ্য ওয়াল ব্যুরো: সামি-স্যুইংয়ে জোর ধাক্কা। ঘরের মাঠে নেমে প্রথম কয়েক ওভারেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) পেস আক্রমণের সামনে নির্বিষ ‘ট্র্যাভিষেক’জুটি। মহম্মদ সামির (Mohammed Shami) আগুনে স্পেলে লড়াইয়ের রাশ ঋষভ-ব্রিগেডের হাতে।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সেই সিদ্ধান্ত যে একেবারে সঠিক, প্রমাণ হল হাতেনাতে। প্রথম ওভারেই বড় আঘাত। অভিষেক শর্মা (Abhishek Sharma) শূন্য রানে আউট। সামির গতি আর লেংথ—দুটোর সামনেই অসহায় মারকুটে ওপেনার। ক্রিজে বেশি সময় টিকতে পারেননি ট্র্যাভিস হেডও (Travis Head)। সামির কাটার ডেলিভারিতে ভুল টাইমিং, মিড-অফে দারুণ ক্যাচ নিলেন এডেন মার্করাম (Aiden Markram)। দুই ওপেনার ফিরতেই চাপে পড়ে যায় হায়দরাবাদ।
শুধু সামি নন, অন্য প্রান্ত থেকেও সমানে চাপ বাড়ালেন প্রিন্স যাদব (Prince Yadav)। হানলেন তৃতীয় আঘাত। এবার জালে অধিনায়ক ঈশান কিষাণ (Ishan Kishan)। মাত্র ১ রানে বোল্ড আউট সদ্যসমাপ্ত বিশ্বকাপের অন্যতম তারকা। ডেলিভারির গতিই বুঝতে পারেননি। বল ব্যাট এড়িয়ে সোজা অফস্টাম্প উড়িয়ে দেয়। স্কোরবোর্ড তখন—১১/৩। ম্যাচ পুরোপুরি লখনউয়ের নিয়ন্ত্রণে। ঈশান ফিরে যেতেই গ্যালারিতে লখনউ মালিক সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) প্রতিক্রিয়া ছিল দেখার মতো—প্রায় প্রার্থনার ভঙ্গিতে উদযাপন করলেন তিনি!
তিন উইকেট হারানোর পর ক্রিজে লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone) ও হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)। শুরু থেকেই সতর্ক। ঝুঁকি নিতে নারাজ। তবে তাতে শেষরক্ষা হল না। লিভিংস্টোনকে ফেরালেন দিগ্বেশ রাঠী।
আপাতত ১০ ওভার শেষে স্কোর ৩৫/৪। এই পিচে বড় টার্গেট হওয়ার সম্ভাবনা কম। উইকেট মন্থর, বল ব্যাটে ঠিকমতো আসছে না—এই পরিস্থিতিতে উইকেট বাঁচানোই হায়দরাবাদের প্রথম লক্ষ্য।