এলএসজি একজন নতুন পরামর্শদাতার সঙ্গে চুক্তি করবে। যাঁর হাতে তাদের সিস্টার ফ্র্যাঞ্চাইজিগুলিরও দায়িত্ব তুলে দেওয়া হবে।

জাহির খান
শেষ আপডেট: 13 August 2025 17:20
দ্য ওয়াল ব্যুরো: গত মাসে জহির খানের (Zaheer Khan) সঙ্গে এক বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants)। এদিন জানা গেল ভারতের এই প্রাক্তন পেসারের সঙ্গে নতুন করে আর কোনও চুক্তি করবে না এলএসজি। জাহির লখনউয়ের ফ্র্যাঞ্চাইজির মেন্টর হিসাবে যোগ দিয়েছিলেন ২০২৩ সালে। এরপর তাঁকে দলের বোলিং বিভাগেরও দায়িত্ব দেওয়া হয়।
জাহিরের সঙ্গে যে লখনউ সম্পর্ক ছিন্ন (Relation Break) করতে চলেছে, তার আঁচ আগেই পাওয়া গিয়েছিল। গত আইপিএলে ভাল শুরু করার পরও প্লে-অফে পৌঁছতে পারেনি এলএসজি। এরপরই গুঞ্জন উঠেছিল, জাহিরের ঘাড়ে কোপ পড়তে চলেছে। এবার সেই আশঙ্কাই বাস্তবে পরিণত হল।
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে, এলএসজি একজন নতুন পরামর্শদাতার সঙ্গে চুক্তি করবে। যাঁর হাতে তাদের সিস্টার ফ্র্যাঞ্চাইজিগুলিরও দায়িত্ব তুলে দেওয়া হবে। লখনউয়ের সিস্টার ফ্র্যাঞ্চাইজি হল, দক্ষিণ আফ্রিকা ২০-তে ডারবানের সুপার জায়ান্টস (এসএ২০) এবং দ্য হান্ড্রেডে ম্যাঞ্চেস্টার অরিজিনালস।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ফ্র্যাঞ্চাইজি পুরো এলএসজি গ্রুপের 'বছরব্যাপী উন্নয়ন' তদারকি করার জন্য একজন ক্রিকেট পরিচালকের নামও ঘোষণা করবে। ২০২৩ সালে গৌতম গম্ভীর এলএসজি ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগদান করার পর জহির হন লখনউয়ের মেন্টর। এরপর মর্নি মরকেল এলএসজি ছেড়ে ভারতীয় দলের বোলিং কোচ হওয়ার পর ভারতের প্রাক্তন পেসারের হাতেই তুলে দেওয়া হয় দলের বোলারদের দায়িত্ব। তবে গত আইপিএল মরশুমে লখনউয়ের বোলররা নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হন। তাই মনে করা হচ্ছে, সে কারণেই জাহিরের সঙ্গে সম্পর্ক ছেদ করল লখনউ সুপার জায়েন্টস।
সম্প্রতি, এলএসজি ঘোষণা করেছে, কেকেআর ও টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ এবার থেকে দলের মেন্টরের ভূমিকা পালন করবেন। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, "অরুণও বড় ভূমিকা নিতে চলেছেন। কারণ তাঁকে ডারবানের সুপার জায়ান্টস এবং পরের বছর থেকে ম্যাঞ্চেস্টার অরিজিনালসের জন্য তরুণ উঠতি খেলোয়াড়দের স্কাউটিংয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হবে।"