বাংলাদেশ না থাকলেও উচ্ছ্বাসে ভাটা পড়ল না। প্রায় হাউসফুল ইডেন!

ইডেন গার্ডেনস
শেষ আপডেট: 8 February 2026 13:08
দ্য ওয়াল ব্যুরো: ম্যাচ শুরুর আগে আশঙ্কা ঘনিয়েছিল। ভয় দর্শকদের বীতরাগ নিয়ে৷ হাইভোল্টেজ কোনও ম্যাচ পায়নি ইডেন৷ বিশ্বকাপের টিকিট বিক্রি নাকি তলানিতে। প্রথম ম্যাচও তস্য ম্যাড়মেড়ে: ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড! তাও বাংলাদেশ এলে একটু পারদ চড়ত। কিন্তু লিলিপুট স্কটিশ আর অফ ফর্মের চূড়ায় থাকা ক্যারিবিয়ানদের খেলা দেখতে পা বাড়াবে কতজন?—সওয়াল জাগতে শুরু করেছিল।
কিন্তু ম্যাচ ডে-র ভরদুপুরে বদলে গেল গোটা ছবি! পায়ে পা মিলিয়ে স্ট্যান্ড ভরাল জনতা, উঠল স্লোগান, চার-ছয়ে হর্ষোল্লাস। ইডেন গার্ডেনস (Eden Gardens) যেন আবারও বুঝিয়ে দিল—এই শহরের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক কোনও দেশের নাম বা জার্সির রঙে আটকে থাকে না। খেলা থাকলেই হল। প্রতিপক্ষ যেই হোক না কেন—দর্শক মাঠে আসবে, গলা ফাটাবে, খেলা দেখবে। গতকালের সরকারি হিসেব বলছে, সন্ধ্যা গড়াতে গ্যালারিতে হাজির হন প্রায় উনিশ হাজার ক্রিকেট অনুরাগী। সোশ্যাল মিডিয়ায় যে ‘ফাঁকা স্ট্যান্ড’-এর ছবি ঘুরছিল, সেগুলো যে নির্ধারিত সময়ের অনেক আগেই তোলা—তা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল ম্যাচ চলাকালীন ভরাট ইডেন।
ভারতীয় দল এবার ইডেনে খেলছে না—এই তথ্য উৎসাহে ছেদ ফেলেনি। অনেকের কথায়, ‘বিশ্বকাপ তো আর শুধু টিম ইন্ডিয়ার ম্যাচ দেখার জায়গা নয়। ভালো ক্রিকেট হলেই হল।’ সেই মানসিকতা যেন গ্যালারির প্রতিটি সারিতে ছড়িয়ে পড়ল। কেউ স্কটল্যান্ডের হয়ে হাততালি দিলেন, কেউ আবার ক্যারিবিয়ান ছন্দে মাথা দোলালেন।
মাঠের নাটকও জমজমাট, নিরাশ করেনি। ব্যাট হাতে ঝড় তুললেন শিমরন হেটমেয়ার (Shimron Hetmyer)। এক সময় চাপে পড়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ ইনিংসকে টেনে তুললেন ৩৬ বলে ৬৪ রানের ঝকঝকে ইনিংসে। ছ’টি ছয়, দু’টি চার—ফিরল পুরনো ক্যারিবিয়ান ফ্লেয়ার। সেই ইডেনে, যেখানে এক দশক আগে বিশ্বকাপ ট্রফি জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
গতকাল শুধু ব্যাট নয়, বলেও ম্যাচ ঘুরল। ঘোরালেন রোমারিও শেফার্ড (Romario Shepherd)। স্কটল্যান্ডের লোয়ার অর্ডারে ভাঙন। হ্যাটট্রিক-সহ ৫ উইকেট, ২০ রানে। ১৮.৫ ওভারে থেমে গেল স্কটিশদের লড়াই। স্কোরবোর্ডে ফলাফল যতটা জোরালো, গ্যালারিতে উচ্ছ্বাস তার চেয়ে দ্বিগুণ বেশি।
সব মিলিয়ে এই ম্যাচ শুধু জয়-পরাজয়ের গল্প নয়, কলকাতার ক্রিকেট সংস্কৃতির জবাবও বটে। নিরাপত্তা-আশঙ্কা, দলবদল, মাঝারি মানের ম্যাচ—সব যুক্তিকে উড়িয়ে দিয়ে ইডেন দেখিয়ে দিল, বড় টুর্নামেন্টে কলকাতা এখনও ভরসা জোগাতে পারে। আয়োজক থেকে আইসিসি (ICC)—সবার জন্য সাফ বার্তা: ক্রিকেট থাকলেই কলকাতা থাকবে। হাউসফুল না হলেও, মনমাতানো ইডেন—তিলোত্তমার কাছে এটাই সবচেয়ে বড় সার্টিফিকেট।