রাঁচিতে ম্যাচ অল্পের জন্য বেরিয়ে যেতে বসেছিল। আজ ব্যাটসম্যানরা কাজ করে দিয়েছেন। এবার দায়িত্ব বোলারদের কাঁধে (IND vs SA 2nd ODI)।

শেষ আপডেট: 3 December 2025 18:55
দ্য ওয়াল ব্যুরো: রায়পুরে দ্বিতীয় ওয়ানডেতে (IND vs SA 2nd ODI) ব্যাট হাতে দাপট দেখাল ভারত। বিরাট কোহলি (Virat Kohli) ও রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) জোড়া সেঞ্চুরিতে স্কোরবোর্ডে উঠল ৩৫৮/৫। তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে থাকা টিম ইন্ডিয়া চাইবে আজই সিরিজ পকেটে পুরতে। কিন্তু প্রশ্ন একটাই—এই ৩৫৯ রানের টার্গেট কি দক্ষিণ আফ্রিকাকে আটকাতে যথেষ্ট?
শুরুটা মোটেও সহজ ছিল না। লুঙ্গি এনগিডির (Lungi Ngidi) বাড়তি সুইংয়ে মাত্র ১৪ রানেই সাজঘরে ফিরে যান রোহিত শর্মা (Rohit Sharma)। পরে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ২২ রানে আউট হন। ভারত তখন ৬২/২। এখান থেকেই ম্যাচের রং পাল্টান বিরাট ও রুতুরাজ। তৃতীয় উইকেটে দু’জনে মিলে গড়েন ১৯৫ রানের পার্টনারশিপ। কোনও তাড়াহুড়ো নেই, আবার গতিও অক্ষুণ্ণ। কোহলি ইনিংস শুরু করেন এনগিডির শর্ট বলে ঝকঝকে ব্যাকফুট ছক্কায়। রুতুরাজ শান্ত মেজাজে—গ্যাপ খুঁজে রান তোলেন, স্পিনারদের বিরুদ্ধে ঝুঁকি মেপে নেন। সিএসকে অধিনায়ক হাঁকান কেরিয়ারের প্রথম ওয়ানডে শতরান—আউট হন ১০৫ রানে।
অন্যদিকে কোহলি খেললেন আর-একটা নিখুঁত ইনিংস—১০২ রান, ৯৩ বলে। ৭ চার, ২ ছক্কা। রাঁচির ১৩৫-এর পর এদিনও তাঁর শট-নির্বাচন, স্ট্রাইক রোটেশন, পেসার-স্পিনার কাউকে ছাড় না দেওয়া—সবই ছিল নিয়ন্ত্রিত, ক্যালকুলেটেড। বিরাটকে আউট করেও এনগিডিকে ফিরতে হল হতাশ মুখে। কারণ শেষদিকে ঝাঁঝ বাড়ালেন স্ট্যান্ড-ইন অধিনায়ক কে এল রাহুল (KL Rahul)। ধারাবাহিক দ্বিতীয় অর্ধশতরান—৬৬ রান*, ৫০তম ওভারে ১৮ রান তুলে ইনিংসের মোড় ঘুরিয়ে দেন। ভারতের শেষ ১০ ওভারে টানা বাউন্ডারি-ছক্কা, নিখুঁত রানরেট।
এবার মূল প্রশ্ন—৩৫৯ যথেষ্ট? রাঁচিতে ৩৪৯ তুলেও ভারত শেষ ওভার পর্যন্ত চাপে ছিল। বিশেষ করে ঘন কুয়াশা নামলে রায়পুরেও লড়াইয়ের রাশ হাত থেকে পিছলে যেতে পারে। কুলদীপ যাদব (Kuldeep Yadav), হর্ষিত রানা (Harshit Rana), আর্শদীপ সিং—সবারই ভূমিকা আজ গুরুত্বপূর্ণ। আফ্রিকা আগের ম্যাচে ৩৩২ তুলেছিল—যার অর্থ বোলারদের এক মুহূর্ত ঢিলেমির জো নেই।
পাশাপয়াশি প্রোটিয়াদেরও মাথায় রাখতে হবে লক্ষ্যটা বেশ ওজনদার! সোজা কথা—রাঁচিতে ম্যাচ অল্পের জন্য বেরিয়ে যেতে বসেছিল। আজ ব্যাটসম্যানরা কাজ করে দিয়েছেন। এবার দায়িত্ব বোলারদের কাঁধে। ৩৫৯ ডিফেন্ড করা সম্ভব—কিন্তু শর্ত একটাই, শিশির-যুদ্ধ জিততে হলে প্রথম ১৫ ওভারেই আঘাত হানতে হবে। রাতের লড়াই উত্তেজনায় ভরপুর হওয়ার ইঙ্গিত রায়পুরের স্কোরবোর্ড আগেই দিয়ে দিয়েছে।