টি-২০ বিশ্বকাপে শেষ মুহূর্তে কোনও পরিবর্তনের জায়গা নেই। সূচি যেমন আছে, তেমনই থাকবে।

বাংলাদেশ ক্রিকেট
শেষ আপডেট: 7 January 2026 10:36
দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপে ভারতে খেলতে আপত্তি জানিয়ে যে আওয়াজ তুলেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তা কার্যত এক তুড়িতে উড়িয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। সূত্রের খবর, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে—সূচি বা ভেন্যু বদলের প্রশ্ন নেই। ভারতেই খেলতে হবে। না খেললে তার সরাসরি প্রভাব পড়বে পয়েন্ট টেবিলে।
আইসিসির সাফ বার্তা: সূচি বদল নয়
ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (Bangladesh Cricket Board) আইসিসি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, টি-২০ বিশ্বকাপের নির্ধারিত সূচি ও ভেন্যু অপরিবর্তিত থাকবে। বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কা কিংবা রাজনৈতিক প্রেক্ষাপট—কোনও কিছুই বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারেনি।
সূত্রের দাবি, বৈঠকেই আইসিসি জানিয়ে দেয়—ভারতে খেলতে অস্বীকার করলে তার ভাল পরিণতি হবে না। এমনকী মাঠে না নামলে পয়েন্ট খোয়ানোর সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে বাংলাদেশ বোর্ডের দাবি, তারা এই মর্মে কোনও লিখিত বা আনুষ্ঠানিক চিঠি পায়নি।
কী থেকে শুরু এই টানাপড়েন?
বিতর্কের সূত্রপাত কয়েক দিন আগে। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএল থেকে ছাড়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (Board of Control for Cricket in India)। কলকাতা নাইট রাইডার্সকে জানানো হয়, ‘চারপাশের পরিস্থিতির’ কথা মাথায় রেখে বাংলাদেশি পেসারের চুক্তি বাতিল করতে হবে।
এই সিদ্ধান্ত, যা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সংক্রান্ত খবর নিয়ে ভারতে তীব্র প্রতিক্রিয়ার মধ্যে সামনে আসে, তার নেপথ্যে উঠতে থাকে রাজনৈতিক চাপের কথাও। এরপরই বাংলাদেশ বোর্ড জরুরি বৈঠক ডেকে আইসিসির কাছে চিঠি পাঠায়। দাবি তোলা হয়—খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত নয়, তাই টি-২০ বিশ্বকাপের ম্যাচ ভারতে না রেখে অন্য কোথাও সরানো হোক। বাংলাদেশ বোর্ডের পরিচালক ফারুক আহমেদ (Faruque Ahmed) প্রকাশ্যে জানান, পাকিস্তান যেভাবে আইসিসি ইভেন্টে ‘হাইব্রিড মডেলে’ খেলেছে, বাংলাদেশও তেমনই ছাড় আশা করছে।
বাংলাদেশের চাপ, অবস্থানে অনড় আইসিসি
পরিস্থিতি আরও জটিল হয় যখন বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফারুক আহমেদ আগেই জানিয়েছিলেন, রাজনীতি এই মুহূর্তে ক্রিকেট সম্পর্কের ওপর সরাসরি প্রভাব ফেলছে। তার উপর গতকাল মুস্তাফিজুর রহমান দ্রুত পাকিস্তান সুপার লিগে (Pakistan Super League) যোগ দেন। ফলে বাংলাদেশের পক্ষ থেকে বার্তা আরও কড়া আসতে থাকে। কিন্তু আইসিসির অবস্থান তাতে একচুলও নড়েনি। তাদের চূড়ান্ত সিদ্ধান্তে পরিষ্কার—টি-২০ বিশ্বকাপে শেষ মুহূর্তে কোনও পরিবর্তনের জায়গা নেই। সূচি যেমন আছে, তেমনই থাকবে।