‘আমি কখনওই বলব না সামির কেরিয়ার শেষ। যদি ও পুরনো গতি ফিরে পায়, তবে টিম ইন্ডিয়ায় বড় অবদান রাখতে পারে।’

এবি ডি ভিলিয়ার্স ও মহম্মদ সামি
শেষ আপডেট: 16 October 2025 13:56
দ্য ওয়াল বাংলা: ভারতের জার্সিতে মহম্মদ সামি (Mohammed Shami) শেষবার মাঠে নেমেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। প্রতিযোগিতায় বরুণ চক্রবর্তীর সঙ্গে যুগ্ম ভাবে তিনি ছিলেন টিম ইন্ডিয়ার (Team India) সর্বোচ্চ উইকেট শিকারি। কিন্তু তারপর জাতীয় দলে আর সুযোগ পাননি বাংলার এই পেসার। তখন জানা গিয়েছিল সামির চোট রয়েছে, তাই তাঁকে জাতীয় দলে রাখার কথা ভাবা হচ্ছে না।
তবে এরপর রিহ্যাবের পর আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০-র বেশি উইকেটের মালিক সামি জানিয়েছিলেন, তিনি পুরোপুরি সুস্থ। তবুও তাঁকে অস্ট্রেলিয়া সফরের জন্য নির্বাচিত করা হয়নি। বোর্ডের নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকর স্কোয়াড ঘোষণার সময় বলেছিলেন, সামির চোট সম্পর্কে তাঁরা অবগত নন।
এদিকে বুধবার থেকে বাংলার হয়ে রঞ্জি খেলতে নেমেছেন মহম্মদ সামি। উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম ১৩ ওভারে ছন্দ খুঁজে না পেলেও ১৪তম ওভারে এসে চার বলে তিন উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছেন তাঁর মধ্যে এখনও অনেক ক্রিকেট বেঁচে রয়েছে। সেই সঙ্গে সামি নির্বাচকদের বার্তা দিয়েছেন যে, তিনি পুরোপুরি সুস্থ।
২০২৩ বিশ্বকাপের পর থেকে, সামি বারবার গোড়ালি এবং হাঁটুর ইনজুরির সঙ্গে লড়াই করছেন, যার জন্য তাঁকে অস্ত্রোপচারও করতে হয়েছে। তবে রঞ্জির প্রথম দিনই এই পেসার বুঝিয়ে দিয়েছেন, চোট এখন তাঁর কাছে অতীত।
এদিকে, দক্ষিণ আফ্রিকার লিজেন্ড এবি ডি ভিলিয়ার্স (AB de Villiers) সামি সম্পর্কে নিজের মতামত জানিয়েছেন। এবিডি এই ফাস্ট বোলারের দল থেকে বাদ পড়ার বিষয়ে কথা বলতে গিয়ে বলেছেন, মনে হচ্ছে ভারত এখন তাঁর থেকে দূরে সরে গিয়েছে। ডি ভিলিয়ার্স তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, "এটি টিম ইন্ডিয়ার একটি বড় সিদ্ধান্ত। মনে হচ্ছে দল কোনওভাবে সামির থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পর্দার আড়ালে কী ঘটছে তা আমি জানি না। হয়তো সে এখনও কিছু সমস্যা বা আঘাতের সঙ্গে মোকাবিলা করছে। হয়তো তার গতি কমে গিয়েছে। তার আগের মতো গতি নেই।"
মিস্টার ৩৬০ ডিগ্রি বলেছেন, "এর অর্থ এই নয় যে, তার কেরিয়ার শেষ। যদি সে তার পুরনো গতি ফিরে পায়, তবে টিম ইন্ডিয়ায় বড় অবদান রাখতে পারে। আমি লক্ষ্য করেছি, সম্প্রতি তার গতি কিছুটা কমেছে, সম্ভবত এই কারণেই সে দলের বাইরে।"
ডি ভিলিয়ার্স অবশ্য সামির প্রশংসাও করেছেন। এবিডি বলেন, তিনি সামির একজন বড় ভক্ত। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক বলেন, "সে একজন দুর্দান্ত বোলার এবং সর্বদা ব্যাটারদের চ্যালেঞ্জ করে। সামি একজন উইকেট-টু-উইকেট বোলার, এবং যদি ফিট থাকে, তাহলে সে দলের জন্য একটি বড় সম্পদ হতে পারে। তাকে খেলতে না দেখা হতাশাজনক, কারণ সে একজন খুব বিনোদনমূলক পারফরর্মার।"