বাজবলের যুগে এমন ভাঙন শুধু আকস্মিক নয়, বিরলও বটে। ইংল্যান্ডের ইতিহাসে মাত্র তৃতীয়বার তারা ৪১০ বলেরও কম খেলল।

ফাইল ছবি
শেষ আপডেট: 22 November 2025 18:35
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ২ দিনে শেষ হয়েছে অ্যাশেজের (Ashes) প্রথম টেস্ট (First Test)। ট্রেভিস হেডের (Travis Head) দুরন্ত শতরান ম্যাচ রঙই বদলে দিয়েছে। আর অ্যাশেজের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার আট উইকেটে জয় শুধু একতরফা সাফল্য নয়, পরিসংখ্যানের ঝড়ও তুলেছে।
শতাধিক বছর ধরে যেগুলি দেখা যায়নি, সেই তিনটি রেকর্ড (Three Records) একসঙ্গে গড়ে ফেলেছে এই টেস্ট।
ইংল্যান্ডের দুই ইনিংসের ধস - ১২১ বছরে দ্রুততম
মোট দু’ইনিংস মিলিয়ে ইংল্যান্ড (England) খেলেছে মাত্র ৪০৫ বল। ১৯০৪ সালের পর কোনও টেস্টে এত কম বল সামলাতে হয়নি তাঁদের। প্রথম দিনে ১৭২, পরের দিন ১৬৪ - বাজবলের যুগে এমন ভাঙন শুধু আকস্মিক নয়, বিরলও বটে। ইংল্যান্ডের ইতিহাসে মাত্র তৃতীয়বার তারা ৪১০ বলেরও কম খেলল।
শত বছরে প্রথম দু’দিনে নিষ্পত্তি হওয়া অ্যাশেজ
পারথ ২০২৫ যুক্ত হল সেই প্রাচীন তালিকায়, যেখানে অ্যাশেজ (Ashes) ম্যাচ দু’দিনের মধ্যেই শেষ হয়েছে। শেষবার এমনটা ঘটেছিল ১৯২১ সালে নটিংহ্যামে। আধুনিক যুগে এই কৃতিত্ব একাই পারথের।
১৩০ বছরে সবচেয়ে ছোট অ্যাশেজ টেস্ট
পুরো ম্যাচ নিষ্পত্তি হল মাত্র ৮৪৭ বলেই - ১৯ শতকের পর অ্যাশেজে এত দ্রুত শেষ হয়নি কোনও লড়াই। গত ১৩৭ বছরে এত সংক্ষিপ্ত টেস্ট দেখেনি ক্রিকেট বিশ্ব।
এই অ্যাশেজ টেস্টে হয়েছে মোট ১১৩ ওভারের লড়াই। ৪৬৮ রানে পড়ে ৩০টি উইকেট। প্রথম দিনেই পতন হয় ১৯ উইকেট - যা আধুনিক অ্যাশেজে নজিরবিহীন। শেষে ৮৩ বলে বিস্ফোরক ১২৩ রানের ইনিংস খেলে হেড অস্ট্রেলিয়াকে এনে দেন অনায়াস জয়। দ্বিতীয় দিনের চা বিরতির আগেই ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে অ্যাশেজ সিরিজে ১-০ লিড নেন তাঁরা।
লক্ষ্য ছিল মাত্র ২০৫। কিন্তু সেই একই ২২ গজে প্রথম ১১৩ ওভারে ব্যাটারদের হাঁসফাঁস দশা দেখার পরও স্টিভ স্মিথরা সিদ্ধান্ত নিলেন, পাল্টা আক্রমণ করতে হবে। ইংল্যান্ডের ‘বাজবল’ দর্শনের ধারেই পাল্টা বাজি খেল অস্ট্রেলিয়া। আগ্রাসনেই চাপ তৈরি করা। পরিকল্পনা ফলও দিল। ২৮.২ ওভারের মধ্যেই লক্ষ্য টপকে ম্যাচ পকেটে পুরে ফেলে অজিরা।