এতদিন ভারত-ইংল্যান্ড সিরিজের নাম ছিল পতৌদি ট্রফি। তবে এবার থেকে এই ট্রফির নামকরণ হচ্ছে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি।

শচীন তেন্ডুলকর ও জেমস অ্যান্ডারসন
শেষ আপডেট: 6 June 2025 16:33
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫ শেষ। এবার ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে মূল আকর্ষণ হয়ে উঠতে চলেছে টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফর। নতুন অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে সেখানে পাঁচ টেস্টের সিরিজ খেলবে মেন ইন ব্লুজ। লাল বলের ক্রিকেটে বিরাট-রোহিত অধ্যায় শেষ হওয়ার পর এটাই হতে চলেছে ভারতীয় দলের প্রথম কোনও টেস্ট সিরিজ।
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্ট সিরিজ অভিহিত অ্যাশেজ নামে। ভারত-অস্ট্রেলিয় টেস্ট সিরিজে জয়ী দলের হাতে তুলে দেওয়া হয় বর্ডার-গাভাসকর ট্রফি। তেমনই এতদিন ভারত-ইংল্যান্ড সিরিজের (England-India Test Series) নাম ছিল পতৌদি ট্রফি (Pataudi Trophy)। তবে এবার থেকে এই ট্রফির নামকরণ হচ্ছে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি (Anderson-Tendulkar Trophy)।
শচীন তেন্ডুলকরকে ছাড়া যেমন ভারতীয় ক্রিকেট নিয়ে আলোচনা করা যায় না, তেমনই জেমস অ্যান্ডারসনও ইংল্যান্ড ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা বোলার। তাই এই দুই কিংবদন্তিকে সম্মান জানানোর জন্যই আন্ডারসন-তেন্ডুলকর ট্রফি নামকরণ করা হয়েছে। ২০ জুন লিডসের হেডিংলিতে প্রথম টেস্ট ম্যাচের আগে আন্ডারসন-তেন্ডুলকর ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে।
এর আগে এই সিরিজটি পতৌদি ট্রফি নামে পরিচিত ছিল। নবাব পরিবারের ইফতিখার আলি খান পতৌদি ১৯৩০ এবং ১৯৪০-এর দশকে ইংল্যান্ড ও ভারত উভয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। ভারতীয় দলের অধিনায়কত্বও করেছেন তিনি। তাঁর পুত্র মনসুর আলি খান পতৌদিও ১৯৬০ ও ১৯৭০-এর দশকে ৪০টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। ৪৬টি টেস্ট খেলে করেছিলেন ২৭৯৩ রান। জানা গিয়েছে, নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত পতৌদি পরিবারকেও জানানো হয়েছে।
তেন্ডুলকর এবং অ্যান্ডারসনের বাইশ গজের দ্বৈরথ ছিল খুবই আকর্ষণীয়। ১৪টি টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছেন তাঁরা। তেন্ডুলকরকে ৯ বার আউট করেছেন অ্যান্ডারসন।
পতৌদি ট্রফির শেষ বিজয়ী ইংল্যান্ড। ২০২১-২০২২ সালে কোভিডের কারণে স্থগিত হওয়া সিরিজটি ২-২ ড্র হয়েছিল।