'ESPNcricinfo'-এর জন্য তাঁর কলামে চ্যাপেল লিখেছেন, “বিরাটের এই সিদ্ধান্ত দক্ষতার অবনতির কারণে নয় বরং ক্রমবর্ধমান উপলব্ধির কারণে। বিরাট মনে করছে, সে আর সেই মানসিক স্বচ্ছতা অর্জন করতে পারবেন না যা তাকে এত শক্তিশালী করে তুলেছিল।

গ্রেগ চ্যাপেল ও বিরাট কোহলি
শেষ আপডেট: 6 June 2025 15:45
দ্য ওয়াল ব্যুরো: গুরু গ্রেগের কালো অধ্যায় এখনও ভুলতে পারেনি ভারতীয় ক্রিকেট। অনেক সাধ করে বিসিসিআইকে তৎকালীন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, গ্রেগ চ্যাপেলকে (Greg Chappel) টিম ইন্ডিয়ার কোচ করা হোক। বাংলার মহারাজের আবেদন মেনে নিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কিন্তু অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক গ্রেগ মেন ইন ব্লুজের দায়িত্ব নিয়েই সৌরভের ডানা ছাঁটা শুরু করলেন। অধিনায়কত্ব তো গেলই, পাশাপাশি সৌরভ বাদ পড়লেন জাতীয় দল থেকেও। বাংলা তথা ভারতের ক্রিকেটপ্রেমীরা সেই ঘটনার জন্য এখনও ক্ষমা করতে পারেনি গ্রেগ চ্যাপেলকে।
গ্রেগের আমলে ভারতীয় দলের অবস্থা খুবই করুণ ছিলে। রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে বাংলাদেশের কাছে হেরে গিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল ভারত। চ্যাপেলদের মেজ ভাই এরপর থেকে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে ভিলেন হয়েই রয়েছেন।
শুধু এই অধ্যায়ই নয়, বারবার ভারতীয় ক্রিকেট নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করে সমালোচিত হয়েছেন গ্রেগ চ্যাপেল। অবশ্য সম্প্রতি তাঁর গলা থেকে উল্টো সুর শোনা যাচ্ছে। প্রশংসা করেছেন বর্তমান ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়েরও।
এবার গ্রেগ চ্যাপেল মুখ খুললেন বিরাট কোহলির টেস্ট থেকে অবসর (Virat Kohli’s Retirement from Test Cricket) প্রসঙ্গে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক এবং ভারতের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল বিশ্বাস করেন, বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত তাঁর দক্ষতার অবনতির কারণে নয় বরং বছরের পর বছর ধরে খেলাটি তার উপর যে মানসিক চাপ তৈরি করেছে তার কারণে।
চ্যাপেল বলেন, সর্বোচ্চ স্তরে পারফর্ম করার জন্য প্রয়োজনীয় মানসিক স্পষ্টতার অভাবের কারণে কোহলি অবসর নিয়েছেন। 'ESPNcricinfo'-এর জন্য তাঁর কলামে চ্যাপেল লিখেছেন, “বিরাটের এই সিদ্ধান্ত দক্ষতার অবনতির কারণে নয় বরং ক্রমবর্ধমান উপলব্ধির কারণে। বিরাট মনে করছে, সে আর সেই মানসিক স্বচ্ছতা অর্জন করতে পারবেন না যা তাকে এত শক্তিশালী করে তুলেছিল। বিরাট মনে করছে, মন তীক্ষ্ণ এবং সিদ্ধান্তমূলক না হলে শরীর টলমল করে।”
গত মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন কোহলি। তিনি ১২৩টি টেস্টে ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং ৩০টি সেঞ্চুরির সাহায্যে ৪৬.৮৫ গড়ে ৯,২৩০ রান করেছেন। চ্যাপেল লিখেছেন, “যখন সন্দেহ আপনার ভেতরে বাসা বাঁধতে শুরু করে, তখন এটি সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করে, পায়ের কাজ নষ্ট করে এবং সেরা পারফরম্যান্সের জন্য প্রয়োজনীয় স্বতঃস্ফূর্ততা নষ্ট করে। কোহলির অবসর আমাদের মনে করিয়ে দেয় যে ফর্ম আসলে মনের খেলা।”
বিরাট কিছুদিন ধরে টেস্টে খারাপ ফর্মে ছিলেন। এই কারণে তিনি সমালোচনারও সম্মুখীন হচ্ছিলেন। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল গত বছর ঘরের মাঠে কিউইদের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে ক্লিন সুইপ এবং তারপর অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের মুখোমুখি হয়েছিল। বিরাট ইতিমধ্যেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। এখন কোহলিকে কেবল ওয়ানডেতে ভারতের হয়ে খেলতে দেখা যাবে।