বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য উজবেকিস্তানের কাছে কাজটা অব্শ্য কঠিন ছিল না। গত কালের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির কাছে না হারলেই হতো। সেটাই হয়েছে। ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে চলেছে উজবেকিস্তান।

উজবেকিস্তান ফুটবল টিম
শেষ আপডেট: 6 June 2025 14:58
দ্য ওয়াল ব্যুরো: সোভিয়েত ইউনিয়ান ভেঙে উজবেকিস্তান আলাদা রাষ্ট্র হওয়ার পর এশিয়ান গেমসের ফুটবলে সোনা জিতেছিল দেশটি। ফিফা র্যাঙ্কিংয়ে ৫০তম স্থানে থাকলেও এশিয়ার ফুটবলে অন্যতম শক্তিশালী দল হিসাবে পরিচিত উজবেকিস্তান। এবার তারা প্রথমবারের মতো যোগ্যতা অর্জন (Qualify) করল ফুটবল বিশ্বকাপে।
এদিকে, ২০২৬ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে ফুটবল বিশ্বকে অবাক করে দিয়েছে এশিয়ার অপর দেশ জর্ডন (Jordan)। এই দেশটির বর্তমান ফিফা র্যাঙ্কিং ৭৪। তবে দেশটি একটা সময় পর্যন্ত র্যাঙ্কিংয়ে ভারতের থেকে পিছনেই ছিল। ২০১৮ সালে জর্ডনের র্যাঙ্কিং ছিল ১১২, যেখানে ভারত ছিল ৯৭তম স্থানে।
আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ৪৮ দলের বিশ্বকাপ হতে যাচ্ছে। এশিয়ার এই দুই দেশের পাশাপাশি ২০২৬ বিশ্বকাপের টিকিট কনফার্ম করেছে দক্ষিণ কোরিয়াও। আয়োজক হওয়ায় যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিশ্বকাপ খেলা আগে থেকেই নিশ্চিত। বৃহস্পতিবার এই তিন দল-সহ বাছাইপর্ব খেলে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে আরও সাতটি দেশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনারও টিকিট নিশ্চিত হয়ে গিয়েছে আগেই।
বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য উজবেকিস্তানের কাছে কাজটা অব্শ্য কঠিন ছিল না। গত কালের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির কাছে না হারলেই হতো। সেটাই হয়েছে। ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে চলেছে উজবেকিস্তান।
এদিকে, গতকাল দক্ষিণ কোরিয়া ২-০ গোলে হারিয়েছে ইরাককে। এর ফলে ২০০২ সালের সেমিফাইনালিস্টরা টানা এগারোবার বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। জর্ডন বিশ্বকাপ নিশ্চিতের ম্যাচে ৩-০ গোলে হারিয়েছে ওমানকে। তবে জর্ডন জিতলেও তাদের তাকিয়ে থাকতে হয়েছিল ইরাক ও দক্ষিণ কোরিয়ার ম্যাচের দিকে। সেই ম্যাচে ইরাক হেরে যাওয়ায় প্রথমবারের মতো বিশ্বকাপে এশিয়ার দেশটি।
বিশ্বকাপের টিকিট নিশ্চিত যাদের:
আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, উজবেকিস্তান, জর্ডন, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান ও নিউজিল্যান্ড।