আরসিবির মার্কেটিং টিমের দায়িত্ব নেন নিখিল। প্রায়শই মাঠে থাকেন। বিশেষ করে চলতি মরশুমে তো আকছার দলের সঙ্গে সফর করেছেন। স্ট্যান্ডে দেখা গিয়েছে বিরাট কোহলির স্ত্রী, অভিনেত্রী অনুষ্কার সঙ্গে।

নিখিল ও সস্ত্রীক বিরাট
শেষ আপডেট: 6 June 2025 13:36
দ্য ওয়াল ব্যুরো: ছিলেন বিমানবন্দরে। মুম্বইগামী উড়ান ধরার অপেক্ষায়। তার আগেই পুলিশ আটক করল আরসিবির (RCB) মার্কেটিং হেড নিখিল সোসালেকে (Nikhil Sosale)। আইপিএল (IPL 2025) জয়কে কেন্দ্র করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) যে উৎসবের আয়োজন করে, তার পরিণতি পদপিষ্টের মর্মান্তিক মৃত্যু। প্রাণ হারান ১১ জন। অধিকাংশই তরুণ, কিশোর। আহত চল্লিশেরও বেশি।
দুর্ঘটনার পর প্রশাসন, পুলিশ কর্তৃপক্ষ, কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন ও সর্বোপরি আরসিবি ফ্র্যাঞ্চাইজির মধ্যে দোষারোপ, পালটা দোষারোপ ও দায় অস্বীকারের খেলা চলতে থাকে। চাপে পড়ে রাজ্য সরকার কঠোর তদন্তের আশ্বাস দেয়। গতকালই মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া আরসিবি কর্তৃপক্ষ, মার্কেটিং সংস্থা ডিএনএ এন্টারটেনমেন্ট এবং কর্নাটকের রাজ্য ক্রিকেট সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। যার ফলশ্রুতি এই গ্রেফতার। এমনটাই মনে করেছেন বিশেষজ্ঞদের বড় অংশ।
সূত্রের খবর, আজ সকালে বেঙ্গালুরু বিমানবন্দরে দেখা যায় নিখিল সোসালেকে। হাতে ছিল মুম্বইগামী বিমানের টিকিট। সেই অবস্থায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। আরসিবির চূড়ান্ত অব্যবস্থা, প্রশাসনের নির্দেশ না মেনে বিজয় মিছিল ও অনুষ্ঠান আয়োজনের জেরেই যে এগারোজন তরতাজা তরুণ-তরুণীর মৃত্যু হল—এই নিয়ে বিভিন্ন মাধ্যমে আওয়াজ উঠেছে। দানা বেঁধেছে বিতর্ক। প্রশ্ন ভেসেছে: কোন যুক্তিতে এত বড় অপরাধের পরেও আরসিবির কর্তাব্যক্তিরা বহাল তবিয়তে ঘুরে বেড়ান?
এতকিছুর মধ্যে হাত তুলে নেয় আইপিএল কর্তৃপক্ষ, এমনকি বিসিসিআইও। যেহেতু নিখিল ফ্র্যাঞ্চাইজির মার্কেটিংয়ের দায়িত্বে রয়েছেন, তাই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিজেদের হেফাজতে নিল বলে মনে করা হচ্ছে।
এর পাশাপাশি আরসিবির বাণিজ্য সংক্রান্ত অন্যান্য বিষয় দেখে থাকে যে ডিএনএ এন্টারটেনমেন্ট, তাদের তিন কর্মকর্তা সুনীল ম্যাথু, সুমন্ত ও কিরণ কুমারকেও গ্রেফতার করা হয়েছে। তাঁদের কেউ টিকিট বিলির দায়িত্বে ছিলেন। কেউ ম্যানেজারের পদ সামলাতেন।
কিন্তু কে এই নিখিল সোসালে? লিঙ্কডইন প্রোফাইল ঘাঁটলে দেখা যাচ্ছে, ইনি শুধু আরসিবির মার্কেটিংয়ের দায়িত্ব সামলান না; এর পাশাপাশি দলের বাণিজ্য সংক্রান্ত ডিজাইন, ডেলিভারি ও স্ট্র্যাটেজির দায়িত্বও পরিচালনা করেন। গোড়া থেকেই টিমের সঙ্গে যুক্ত। জেমস ক্রুক ইউনিভার্সিটি থেকে বাণিজ্যে ডবল মেজর। ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে সেরে ফেলেন।
এতকিছুর মধ্যে আরসিবির মার্কেটিং টিমের দায়িত্ব নেন নিখিল। প্রায়শই মাঠে থাকেন। বিশেষ করে চলতি মরশুমে তো আকছার দলের সঙ্গে সফর করেছেন। স্ট্যান্ডে দেখা গিয়েছে বিরাট কোহলির স্ত্রী, অভিনেত্রী অনুষ্কার সঙ্গে। বিরাটের সঙ্গে একাধিক সেলফিও রয়েছে তাঁর। ইনিস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘প্রাইভেট’। ফলোয়ার্স ৬৩৭ জন। যে তালিকায় সস্ত্রীক কোহলি রয়েছেন। নিখিল-পত্নী মালবিকা নায়েক। পেশায় ইনুজ টেকনোজলিস প্রাইভেট লিমিটেড বলে একটি সংস্থার বিজনেস হেড।