ট্রেডমার্ক জার্নালের ওয়েবসাইটে ১৬ জুন এই অ্যাপ্লিকেশন নথিভুক্ত হয়। ধোনি আবেদন পাঠিয়েছেন এগারো দিন আগে, ৫ জুন।

ধোনি
শেষ আপডেট: 30 June 2025 18:57
দ্য ওয়াল ব্যুরো: তিনি একাধারে অধিনায়ক ও ঠান্ডা মাথার অধিনায়ক। চালু লব্জে ‘ক্যাপ্টেন’ ও ‘ক্যাপ্টেন কুল’। প্রথমটা বিশেষণ, পরেরটা বিশেষণের বিশেষণ।
লেখালিখি থেকে শুরু করে দোকানের নাম—যত্রতত্র দেদারে ‘ক্যাপ্টেন কুলে’র নামাঙ্কন কাজে লাগানো হয়েছে। কিন্তু এই ট্র্যাডিশনে এবার ছেদ টানতে চলেছেন নামের মালিক মহেন্দ্র সিং ধোনি। সমর্থক ও অনুরাগীদের দেওয়া উপাধির ট্রেডমার্ক চেয়ে আবেদন করেছেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক! ট্রেডমার্কস রেজিস্ট্রি পোর্টালের তথ্য অনুযায়ী, ধোনির জমা করা আর্জি এই মুহূর্তে ‘গৃহীত ও পর্যালোচিত’ হচ্ছে। যদিও তা আদৌ ‘অনুমোদন’ পেয়েছে বা আগামীতে পাবে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
ট্রেডমার্ক জার্নালের ওয়েবসাইটে ১৬ জুন এই অ্যাপ্লিকেশন নথিভুক্ত হয়। ধোনি আবেদন পাঠিয়েছেন এগারো দিন আগে, ৫ জুন। প্রস্তাবিত ট্রেডমার্কটি ‘খেলার অনুশীলন, কোচিং ও পরিকাঠামো’ শীর্ষক ক্যাটাগরিতে প্রকাশিত। তিনি কি এই নামে কোনও সংস্থা বা ক্যাম্প খুলতে চলেছেন, যেখানে আগামী দিনের ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়া হবে? প্রশ্ন উঠলেও এ বিষয়ে মাহির কোনও বক্তব্য এখনও পর্যন্ত মেলেনি।
তাৎপর্যপূর্ণভাবে, একই নাম নিয়ে আরও একটি সংস্থার তরফে আর্জি পেশ করা হয়েছে। দিনকয়েক আগে প্রভা স্কিল স্পোর্টস প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি ‘ক্যাপ্টেন কুলে’র ট্রেডমার্কের জন্য আবেদন জমা করে। যদিও ওয়েবসাইটে এই অ্যাপ্লিকেশনের পাশে ‘সংশোধনে’র নির্দেশিকা লেখা।
প্রসঙ্গত, হালফিলে ট্রেডমার্ক-বিতর্কে জড়িয়েছিল মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পাকিস্তানে ভারতের প্রত্যাঘাতের সেনা অভিযান ‘অপারেশন সিঁদুরে’র ট্রেডমার্ক চেয়ে আবেদন করে তারা। যদিও এই নিয়ে বিতর্ক দানা বাঁধার সূত্রে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রক জানিয়ে দেয়, আম্বানির সংস্থা আর্জি প্রত্যাহার করেছে। পরে প্রেস বিবৃতি জারি করে অবস্থান বদলের বিষয়টি স্পষ্ট করে রিলায়েন্স।