কোনও ব্যাটসম্যানের অগ্নিবর্ষী ব্যাটিংকে ব্যাখ্যা করতে ধোঁয়া-ছড়ানো বুলেটের তুলনা টানেন যিনি, সেই রবি শাস্ত্রীই (Ravi Shastri) মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) উইকেটকিপিংকে পকেটমারের ক্ষিপ্র হাতের সঙ্গে মিলিয়ে দিলেন!

রবি শাস্ত্রী ও ধোনি
শেষ আপডেট: 10 June 2025 10:54
দ্য ওয়াল ব্যুরো: ‘হিটস দ্য ফেন্স লাইক আ ট্রেসার বুলেট।‘
কোনও ব্যাটসম্যানের অগ্নিবর্ষী ব্যাটিংকে ব্যাখ্যা করতে ধোঁয়া-ছড়ানো বুলেটের তুলনা টানেন যিনি, সেই রবি শাস্ত্রীই (Ravi Shastri) মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) উইকেটকিপিংকে পকেটমারের ক্ষিপ্র হাতের সঙ্গে মিলিয়ে দিলেন!
বর্ণময় অনুষ্ঠানে আইসিসি হল অফ ফেমের (ICC Hall Of Fame) সম্মান লাভ করেছেন এমএস ধোনি। বিশ্বকাপজয়ী অধিনায়কের সফল কেরিয়ারকে কুর্নিশ জানাতে এই আয়োজন। উপস্থিত ছিলেন প্রাক্তন, বর্তমান মিলিয়ে অনেক ক্রিকেটার। কিন্তু সবাইকে ছাপিয়ে নজর কাড়লেন একজনই। তিনি রবি শাস্ত্রী। ভারতীয় দলের প্রাক্তন কোচ, অধুনা ধারাভাষ্যকার।
১১তম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই সম্মান অর্জন করলেন ধোনি। যিনি স্মারক হাতে তুলে নেওয়ার আগে মাহির সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করেছেন, খেলেছেন এমন একদা সতীর্থ ও কোচের অনেকেই মাইক হাতে মঞ্চে ওঠেন।
তাঁদেরই একজন রবি শাস্ত্রী। পোডিয়ামে দাঁড়িয়ে ধোনি-বন্দনায় স্বভাবসিদ্ধ রসিকতা ও শ্লেষ মিশিয়ে বলে ওঠেন, ‘ধোনির হাত পকেটমারের চেয়েও ক্ষিপ্র।‘ মুহূর্তে হাসির রোল ওঠে অডিটোরিয়ামে। তারপর বক্তব্যকে ব্যাখ্যা করতে গিয়ে শাস্ত্রী জুড়ে দেন, ‘যদি ভারতে কোথাও বড় ম্যাচ খেলতে নামেন, বিশেষ করে আমদাবাদের মতো পিচে, আপনি উইকেটের পেছনে ধোনিকে দেখতে চাইবেন না। সব সময় পকেটের খেয়াল রাখুন। আপনার ওয়ালেট যে কোনও মুহূর্তে উধাও হয়ে যেতে পারে।‘
অর্থাৎ, ক্রিজ ছেড়ে বেরনোর পর কোনওভাবে ডেলিভারি মিস করলেই স্ট্যাম্পিং যে অবধারিত, সে কথাই মজার ছলে বুঝিয়ে দেন রবি।
তারপর ক্রিকেটার হিসেবে ধোনির ব্যক্তিত্বের প্রশংসা করতে গিয়ে বলেন, ‘শূন্য রানে আউট হতে পারে, জিততে পারে বিশ্বকাপ, একই সঙ্গে হাঁকাতে পারে শতরান, দ্বিশতরান। কিন্তু তার জন্য মানুষ হিসেবে ধোনির কোনও বদল হয় না!’
অন্যদিকে মাইক হাতে বলতে উঠে মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘আইসিসির হল অফ ফেমে জায়গা পাওয়াটা আমার কাছে সম্মানের। হল অফ ফেম সারা বিশ্বের বিভিন্ন প্রজন্মের ক্রিকেটারদের আবদানকে স্বীকৃতি দিয়ে থাকে। সর্বকালের সেরা খেলোয়াড়দের তালিকায় জায়গা করে নিতে পারাটা দুর্দান্ত অনুভূতি। যা আমি চিরকাল অনুভব করব।‘