ভবিষ্যতের অন্যতম সম্ভাবনাময় ক্রিকেটার অস্টিন ব্যাট-বল—দুইয়েই দক্ষ ছিলেন। বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কাড়ছিলেন নির্বাচকদের।

বেন অস্টিন
শেষ আপডেট: 30 October 2025 12:06
দ্য ওয়াল ব্যুরো: নেটে অনুশীলনের সময় বলের আঘাতে প্রাণ হারালেন এক তরুণ অস্ট্রেলীয় ক্রিকেটার, বেন অস্টিন (Ben Austin)। ১৭ বছর বয়সী প্রতিশ্রুতিমান খেলোয়াড়ের এমন মৃত্যুর ঘটনায় স্তব্ধ ক্রিকেট মহল।
মঙ্গলবার মেলবোর্নে (Melbourne) টি–২০ ম্যাচের আগে অনুশীলনে নামেন অস্টিন। স্থানীয় রিপোর্ট অনুযায়ী, স্বয়ংক্রিয় বোলিং মেশিন থেকে বিভিন্ন গতিতে বল ছাড়া হচ্ছিল। মাথায় হেলমেট থাকলেও ঘাড় ও গলার সংযোগস্থলে একটি ডেলিভারির আঘাত লাগে। মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন অস্টিন। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার মৃত্যু হয় তাঁর।
ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাবের (Ferntree Gully Cricket Club) তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বেনের মৃত্যুতে আমরা সম্পূর্ণ ভেঙে পড়েছি। ওর অনুপস্থিতি আমাদের ক্রিকেট সম্প্রদায়ের প্রতিটি মানুষের মনে গভীর শূন্যতা তৈরি করবে!’ ক্লাবের ভাষায়, ‘বেন শুধু প্রতিভাবান ক্রিকেটারই নয়, ছিল দারুণ নেতা ও অসাধারণ মানুষ।’
ভবিষ্যতের অন্যতম সম্ভাবনাময় ক্রিকেটার অস্টিন ব্যাট-বল—দুইয়েই দক্ষ ছিলেন। বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কাড়ছিলেন নির্বাচকদের।
ক্রিকেটে এমন মৃত্যু বিরল হলেও অস্ট্রেলিয়া আগেও এহেন মর্মান্তিক ঘটনার সাক্ষী! ২০১৪ সালে ঘরোয়া শেফিল্ড শিল্ডে (Sheffield Shield) ম্যাচ চলাকালীন বলের আঘাতে প্রাণ হারান ফিলিপ হিউজ (Phillip Hughes)। সেই ঘটনার পর থেকেই খেলোয়াড়দের নিরাপত্তা ও হেলমেট সুরক্ষা নিয়ে কড়া নিয়ম চালু হয়। বেন অস্টিনের মৃত্যু সেই পুরনো দুঃস্বপ্ন আরও একবার মনে করিয়ে দিল ক্রিকেট–বিশ্বকে। তদন্তে প্রাথমিকভাবে একে দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। স্থানীয় ক্রিকেট বোর্ড ও ক্লাব অস্টিনের পরিবার ও সতীর্থদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।