ভারতীয় ব্যাটারদের জুটি গড়ার পরই নামে ঝিরঝিরে বৃষ্টি, যা ক্রমে বাড়তে থাকে। আম্পায়াররা দু’বার চেষ্টা করেও খেলা শুরু করতে পারেননি। অবশেষে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

সূর্যকুমার ও শুভমান
শেষ আপডেট: 29 October 2025 17:34
দ্য ওয়াল ব্যুরো: কামব্যাকের ছাপ স্পষ্ট ধরা পড়ল সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ব্যাটে। কিন্তু শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়াল আবহাওয়া। বুধবার ক্যানবেরায় (Canberra) অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে প্রথম টি–২০ ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হল।
টস জিতে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার (India) ইনিংসের শুরুটা ভালোই ছিল। ওপেনার শুভমান গিল (Shubman Gill) ২০ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন, অধিনায়ক সূর্যকুমার খেলেন ২৪ বলে অপরাজিত ৩৯ রানের ঝকঝকে ইনিংস। দ্বিতীয় উইকেটে যোগ করেন ৩৫ বলে ৬২ রান। ছন্দে ছিলেন দু’জনই—কিন্তু প্রকৃতির কাছে শেষ পর্যন্ত হার মানতে হয়।
চলতি সিজনে এখনও পর্যন্ত মাত্র ১০০ রান পাওয়া অধিনায়কের স্ট্রাইক রেট নেমেছিল ১১০–এর নিচে। কিন্তু এদিন যেন পুরনো সূর্যকুমারকেই দেখা গেল। শুরুতে কিছুটা সংযত থাকলেও জশ হেজলউডের (Josh Hazlewood) বলে স্কোয়ার লেগের উপর দিয়ে ছক্কা মেরে আত্মবিশ্বাস ফিরে পান। মনুকা ওভালের (Manuka Oval) পিচে বাউন্স ও ক্যারি ছিল যথেষ্ট, যা কাজে লাগাতে ভুল করেননি সূর্যকুমার। ২০ রানে পৌঁছে নাথান এলিসের (Nathan Ellis) ওভারে পরপর তিনটি দুর্দান্ত শট খেলেন—একটি স্কোয়ার কাট, একটি অফ–ড্রাইভ এবং মাঝ–উইকেটের উপর দিয়ে বিশাল ছক্কা। আর ঠিক তখনই নামল বৃষ্টি।
অন্যদিকে, শুভমন গিল। সংযত কিন্তু ছন্দে। ম্যাট কুনেম্যানের (Matt Kuhnemann) বল তুলে দেন ‘কাউ কর্নারে’র উপর দিয়ে জোরালো ছক্কায়। ইনিংসের ৯.৪ ওভার পর্যন্ত খেলা হয়—এর মধ্যে দু’দফায় বাধা দেয় বৃষ্টি। দ্বিতীয় বিরতির পরের ৪.৪ ওভারে ভারত তোলে ৫৪ রান। ফলে রানরেট বাড়ছিল, কিন্তু শেষ পর্যন্ত খেলা আর শুরু হয়নি।
ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ১৪ বলে ১৯ রান করেন। জেভিয়ার বার্টলেটের (Xavier Bartlett) ওভারে তিনটি বাউন্ডারিতে ইনিংস শুরু করলেও এলিসের স্লোয়ার বলে মাঝ–অফে ক্যাচ দেন। ভারতীয় ব্যাটারদের জুটি গড়ার পরই নামে ঝিরঝিরে বৃষ্টি, যা ক্রমে বাড়তে থাকে। আম্পায়াররা দু’বার চেষ্টা করেও খেলা শুরু করতে পারেননি। অবশেষে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।